সারাবিশ্ব

ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ ৪ মার্কিন নাগরিক নিহত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

ইসরায়েলি ড্রোন হামলায় শিশুসহ ৪ মার্কিন নাগরিক নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় এক পরিবারের তিন শিশু ও তাদের বাবা নিহত হয়েছেন। নিহতরা সবাই মার্কিন নাগরিক বলে নিশ্চিত করেছে লেবানন সরকার।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিন্ত জবেইল শহরে এ হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ড্রোন হামলায় মোট পাঁচজন নিহত হয়েছেন, যাদের মধ্যে তিন শিশু রয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানায়, হামলার লক্ষ্যবস্তু ছিল একটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট গাড়ি। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে।

লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি জানান, নিহত শিশুদের নাম সেলিন, হাদি ও আসিল, আর তাদের বাবার পরিচয় প্রকাশ না করলেও তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন। শিশুদের মা এ হামলায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অন্যদিকে ইসরায়েল দাবি করেছে, এ হামলায় হিজবুল্লাহর এক সদস্য নিহত হয়েছে। তবে তারা স্বীকার করেছে, এতে বেসামরিক নাগরিকও নিহত হয়েছেন। ইসরায়েল দক্ষিণ লেবাননে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে। তাদের দাবি, ইরান-সমর্থিত হিজবুল্লাহ যেন নতুন করে সামরিক শক্তি গড়ে তুলতে না পারে, সে জন্যই এ ধরনের অভিযান চালানো হচ্ছে।

এ হামলার কড়া নিন্দা জানিয়ে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়া লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলেন, “এটি একটি গণহত্যা।” তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলকে লেবাননের ভূমি থেকে সরে যেতে এবং যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে চাপ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী নওয়াফ সালাম এ হামলাকে বেসামরিকদের বিরুদ্ধে নতুন হত্যাযজ্ঞ বলে আখ্যা দেন। তার দাবি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ প্রস্তাবের ধারাবাহিক লঙ্ঘনের জন্য ইসরায়েলকে কঠোর ভাষায় নিন্দা জানাতে হবে।

স্পিকার বেরি প্রশ্ন রেখে বলেন, “লেবাননের শিশু কি ইসরায়েলের জন্য অস্তিত্বের হুমকি? নাকি ইসরায়েলের বেপরোয়া হত্যাযজ্ঞই আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য প্রকৃত হুমকি?” শ্রমমন্ত্রী মোহাম্মদ হায়দার অভিযোগ করেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে দক্ষিণ লেবানের গ্রামে ফেরত যাওয়া সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব হিজবুল্লাহকে নিরস্ত্র করতে লেবানন সরকারের ওপর চাপ দিচ্ছে। লেবাননের সেনাবাহিনী ইতোমধ্যে একটি নিরস্ত্রীকরণ পরিকল্পনা সরকারের কাছে জমা দিয়েছে। তবে হিজবুল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলা চালিয়ে যায়, তবে তারা কোনোভাবেই অস্ত্র ছাড়বে না।