সারাবিশ্ব

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ‘ইরাকের কসাই’ টনি ব্লেয়ার!


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হচ্ছেন ‘ইরাকের কসাই’ টনি ব্লেয়ার!
টনি ব্লেয়ার। ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত গাজায় অন্তর্বর্তী প্রশাসন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে আর সেই প্রশাসনের সম্ভাব্য প্রধান হিসেবে আলোচনায় উঠে এসেছে এক বিতর্কিত নাম, টনি ব্লেয়ার। ব্রিটেনের সাবেক এই প্রধানমন্ত্রী ২০০৩ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরাক আক্রমণে নেতৃত্ব দেন, যার মিথ্যা ভিত্তি ও নিষ্ঠুরতার কারণে তিনি ‘ইরাকের কসাই’ নামে পরিচিত।

সম্প্রতি ব্রিটিশ এবং আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, গাজার জন্য প্রস্তাবিত অন্তর্বর্তী প্রশাসনের শীর্ষ পদে টনি ব্লেয়ারকে বসানোর পরিকল্পনা রয়েছে। এই সরকার হবে একটি ‘টেকনোক্র্যাট’ ভিত্তিক প্রশাসন, যেখানে হামাসের কোনো ভূমিকা থাকবে না। গঠিত প্রশাসনটি আগামী পাঁচ বছর গাজার দায়িত্ব পালন করবে এবং এরপর এটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) হাতে ক্ষমতা তুলে দেবে।

ব্রিটিশ পত্রিকা ফিন্যান্সিয়াল টাইমস জানিয়েছে, ব্লেয়ারকে এই অন্তর্বর্তী বোর্ডের নেতৃত্ব দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও ব্লেয়ারের অলাভজনক সংস্থা (Blair Institute for Global Change) এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই খবর সামনে আসার পর থেকেই আন্তর্জাতিক রাজনীতিতে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যিনি একসময় মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধকে নেতৃত্ব দিয়েছিলেন, তিনিই কীভাবে গাজার মতো একটি সংকটপূর্ণ অঞ্চলের ‘শান্তি প্রতিষ্ঠাকারী’ হিসেবে কাজ করবেন?

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আটজন মুসলিম নেতার বৈঠকে গাজায় যুদ্ধবিরতি এবং একটি ২১ দফা শান্তি পরিকল্পনার খসড়া প্রস্তাবনা নিয়ে আলোচনা হয়। ওই প্রস্তাবেই অন্তর্বর্তী সরকার গঠনের বিষয়টি উঠে আসে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, টনি ব্লেয়ার এই পরিকল্পনায় সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন এবং গাজার জনগণের উচ্ছেদ কিংবা দখলের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

এই অন্তর্বর্তী সরকারে ২৫ জনেরও বেশি সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা এবং ৭ সদস্যের তত্ত্বাবধান বোর্ড থাকবে। প্রাথমিকভাবে এটির কার্যক্রম মিসরের গাজা সীমান্তবর্তী এলাকায় শুরু করার কথা রয়েছে। পরে পরিস্থিতি অনুকূলে আসলে প্রশাসনের কর্মকাণ্ড গাজায় স্থানান্তর করা হবে।

এদিকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক প্রধান ইয়ুস্সি কোহেন বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, টনি ব্লেয়ার গাজার নেতৃত্বে আসার পরিকল্পনায় তিনি ‘খুশি’।