সারাবিশ্ব

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা ৩৮


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ পিএম

ইন্দোনেশিয়ায় মাদ্রাসা ভবন ধসে ৩ শিক্ষার্থী নিহত, ধ্বংসস্তূপে আটকা ৩৮
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে একটি মাদ্রাসা ভবন ধসে প্রাণ হারিয়েছে অন্তত তিন শিক্ষার্থী। ধ্বংসস্তূপের নিচে এখনও আটকে রয়েছে আরও অন্তত ৩৮ জন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ছাদ ধসে পড়ার সময় মাদ্রাসার বহু শিক্ষার্থী নামাজে অংশ নিতে ভবনে জড়ো হয়েছিল বলে জানা গেছে। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত অভিযান শুরু করেন। এখন পর্যন্ত ধ্বংসস্তূপের নিচ থেকে ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৯১ জন শিক্ষার্থী নিজের চেষ্টায় নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

indonesia_incident1_Dhakaprokash.jpg

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার (বিএনপিবি) মুখপাত্র আবদুল মুহারি জানান, মাদ্রাসার ভবনটি নির্মাণাধীন অবস্থায় ছিল এবং ভবনের কাঠামো একেবারেই অনিরাপদ ছিল। দুইতলা ভবনের ওপর আরও দুটি তলা নির্মাণের কাজ চলছিল, যা অতিরিক্ত ভার সৃষ্টি করে ভবনটিকে ভেঙে ফেলে।

তিনি আরও বলেন, “অকস্মিক এই দুর্ঘটনায় নির্মাণাধীন ভবনের ছাদ ও দেয়াল ধসে পড়ে নিচে থাকা বহু শিক্ষার্থী ও নির্মাণশ্রমিক চাপা পড়েন।”

সরকারি সূত্র বলছে, ধসে পড়া ভবনের ভিত্তি ছিল দুর্বল, এবং নিয়ম না মেনে নির্মাণকাজ চলছিল। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

এদিকে উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করছে। আটকেপড়াদের জীবিত উদ্ধারের চেষ্টা চলছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে।