সারাবিশ্ব

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৫, ০৬:৫৪ পিএম

গাজাগামী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজ ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা ইসরায়েলের
ছবি: সংগৃহীত

গাজার উদ্দেশে ত্রাণ ও মানবাধিকারকর্মীদের নিয়ে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’র জাহাজগুলোর কিছু অংশ জব্দ করে বন্দরে নেওয়ার এবং বাকিগুলো ডুবিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে ইসরায়েল। দেশটির সংবাদমাধ্যম ইয়েনেত নিউজ–এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অধিকারকর্মীরা প্রায় ৪০টি জাহাজে করে ফিলিস্তিনের গাজা উপত্যকার উদ্দেশে রওনা হয়েছেন। ইসরায়েলি নৌবাহিনী ইতিমধ্যে ফ্লোটিলাটি থামাতে অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছে।

ইসরায়েলি নৌবাহিনীর বিশেষ ইউনিট ‘সায়েতেত ১৩’-এর সদস্যদের অভিযানে অংশ নেওয়ার কথা রয়েছে। ফ্লোটিলার জাহাজগুলো গাজার উপকূলে পৌঁছালে সেগুলোর নিয়ন্ত্রণ নেওয়া হবে। এরপর কিছু জাহাজকে দক্ষিণ ইসরায়েলের আসোদ বন্দরে নিয়ে যাওয়া হবে, আর কিছু জাহাজ ডুবিয়ে দেওয়া হবে বলে প্রতিবেদনে বলা হয়।

অধিকারকর্মীদের বন্দরে নামানোর পর তাদের ‘কেতজিয়োত’ কারাগারে পাঠানো হতে পারে। যারা ইসরায়েলি কর্তৃপক্ষের নির্দেশনা মানবেন, তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কথা বলা হয়েছে। আর যারা নির্দেশনা মানবেন না, তাঁদের কারাগারেই আটকে রাখা হতে পারে।

ইসরায়েলের আশঙ্কা, অভিযানের সময় হতাহতের ঘটনা ঘটতে পারে। তাই আসোদ বন্দরের আশপাশের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। পাশাপাশি বন্দরে মোতায়েন করা হয়েছে প্রায় ৫০০ পুলিশ সদস্য।

ফ্লোটিলায় থাকা একাধিক অধিকারকর্মী আশঙ্কা প্রকাশ করেছেন, যে কোনো সময় ইসরায়েলি বাহিনী হামলা চালাতে পারে। সর্বশেষ পাওয়া তথ্যে জানা গেছে, জাহাজগুলো বর্তমানে গাজা উপকূল থেকে ২০০ কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থান করছে।