সারাবিশ্ব

হামাস প্রস্তাব মেনে নিতে রাজি, ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম

হামাস প্রস্তাব মেনে নিতে রাজি, ইসরায়েলকে গাজায় হামলা থামাতে বললেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের আংশিক সম্মতি জানানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আটককৃত জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্তি দেওয়া সম্ভব হয়।

শুক্রবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা ও লন্ডনভিত্তিক বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ট্রাম্প হামাসকে তার শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেন। তিনি বলেন, "রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার মধ্যে হামাসকে এই প্রস্তাব মেনে নিতে হবে। অন্যথায়, তাদের চরম পরিণতি ভোগ করতে হবে।"

এর কয়েক ঘণ্টা পর হামাস এক বিবৃতিতে জানায়, তারা আংশিকভাবে যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিয়েছে এবং সকল জীবিত ও মৃত জিম্মিকে মুক্তি দিতে রাজি। তবে, হামাস আরও কিছু গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আলোচনা করতে চায় বলে জানায় তারা।

হামাস আরও জানায়, তারা গাজা উপত্যকার শাসনভার একটি স্বাধীন ফিলিস্তিনি সংস্থার কাছে হস্তান্তর করতে চায়, যা ফিলিস্তিনি জাতীয় ঐকমত্যের ভিত্তিতে গঠিত হবে।

হামাসের এই ঘোষণার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন, "হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। তবে চলমান হামলা এবং সংঘাতের মধ্যে জিম্মিদের মুক্তি দেওয়া বিপজ্জনক হতে পারে।"

এদিকে, আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউস গত সোমবার ২০ দফাবিশিষ্ট একটি শান্তি পরিকল্পনা ঘোষণা করে, যাতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্মতি জানান। ওই পরিকল্পনায় বলা হয়, গাজায় তাৎক্ষণিকভাবে যুদ্ধ বন্ধ করতে হবে, এবং ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মিকে মুক্তি দিতে হবে। মৃত জিম্মিদের দেহাবশেষও ফেরত দিতে হবে, বিনিময়ে গাজার শতাধিক বাসিন্দাকে মুক্তি দেওয়া হবে।

ট্রাম্প ট্রুথ সোশ্যালে আরও জানান, "এখনও কিছু বিষয় চূড়ান্ত হয়নি, তবে আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি। এটি শুধু গাজা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘকাল ধরে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা।"

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামাস বন্দিবিনিময়ে রাজি হলেও গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা এবং ফিলিস্তিনি জনগণের অধিকার নিয়ে আরও আলোচনা করতে চায়।