সারাবিশ্ব
ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর
ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ইরানে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স। মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে ছয়জনই জাতিগত আরব বিচ্ছিন্নতাবাদী এবং অপরজন কুর্দি সংখ্যালঘু।
রিপোর্টে বলা হয়েছে, ছয় আরব ব্যক্তি দক্ষিণ-পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশের খোররামশহরে সশস্ত্র হামলা ও বোমা বিস্ফোরণে জড়িত ছিলেন বলে অভিযোগ ছিল, যেখানে চার নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হন।
অন্যদিকে, কুর্দি নাগরিক সামান মোহাম্মাদি খিয়ারে ২০০৯ সালে সানানদাজ শহরে সরকার-সমর্থক সুন্নি ধর্মীয় নেতা মামুস্তা শেখ আল ইসলামকে হত্যার দায়ে অভিযুক্ত হন।
তবে মানবাধিকার সংগঠনগুলো এসব মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। তারা দাবি করছে, অভিযুক্তদের স্বীকারোক্তি আদায় করা হয়েছে নির্যাতনের মাধ্যমে। বিশেষ করে সামান খিয়ারে’র ক্ষেত্রে বলা হচ্ছে, তাকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার বয়স ছিল মাত্র ১৯ বছর, এবং হত্যাকাণ্ড সংঘটনের সময় সে ছিল কিশোর মাত্র ১৫ বা ১৬ বছর বয়সী।
সংগঠনগুলো আরও বলছে, ইরান সরকার প্রায়ই জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ তোলে, যাতে অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধকে বৈদেশিক ষড়যন্ত্র হিসেবে চিত্রিত করা যায়।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ইরানে এক হাজারেরও বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, যা বিগত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি।