সারাবিশ্ব

২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০১:০৮ পিএম

২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাবে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ছবি: সংগৃহীত

গাজা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বৃহৎ বন্দি-বিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ইসরায়েল প্রায় ১,৯৫০ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

এর মধ্যে ২৫০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এবং বাকি ১,৭০০ জন এই যুদ্ধে আটক হয়েছে। বিনিময়ের বিপরীতে হামাস ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে।

হামাস জানিয়েছে, চুক্তি কার্যকর হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে এই বিনিময় প্রক্রিয়া শুরু হবে। সৌদি টেলিভিশন আল-শার্ক জানিয়েছে, বন্দি ও জিম্মি বিনিময় সম্ভবত আগামী সপ্তাহে শুরু হবে। অন্য চ্যানেল আল-হাদাথ জানায়, ৭২ ঘণ্টার সময় গণনা শুরু হবে তখনই, যখন ইসরায়েলি সেনারা গাজার নির্ধারিত সীমারেখা থেকে সরে যাবে।

এক ফিলিস্তিনি সূত্র আলজাজিরাকে জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা ফিলিস্তিনিদের প্রস্তাবিত মানচিত্রে সম্মতি দিয়েছে, যাতে ইসরায়েলি সেনারা ধীরে ধীরে গাজার শহরগুলো থেকে প্রত্যাহার করতে পারে। হামাসের মতে, চুক্তিতে মার্কিন প্রেসিডেন্টসহ আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের নিশ্চয়তা অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তি কার্যকর হলে রাফাহ সীমান্ত উভয় দিকেই খুলে দেওয়া হবে, আহতদের মিশরে স্থানান্তরের অনুমতি দেওয়া হবে এবং প্রথম পাঁচ দিনে প্রতিদিন অন্তত ৪০০ ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করবে। এছাড়া দক্ষিণ গাজা থেকে বাস্তুচ্যুত মানুষদের গাজা সিটি ও উত্তরাঞ্চলে ফেরার অনুমতি দেওয়া হবে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই বন্দি-বিনিময় চুক্তি গাজার সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনতে পারে। তবে এর পূর্ণ বাস্তবায়ন ও স্থায়িত্ব এখনো অনিশ্চিত রয়ে গেছে।