সারাবিশ্ব

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৬ পিএম

ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার আহ্বান জানালো ইসরায়েল
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা আসার পরপরই ট্রাম্প একাধিক পক্ষের মধ্যস্থতায় চুক্তি সফল করার দাবি করেন। এরপরই লাপিদ বলেন, “বর্তমানে শান্তির জন্য যে কারও চেয়ে ট্রাম্প এই পুরস্কারের অধিক হকদার। তিনি ইসরায়েলিদের কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য।”

লাপিদ আরও বলেন, “আমি প্রেসিডেন্ট ট্রাম্পের দলকে অভিনন্দন জানাই— স্টিভ উইটকোফ, জারেড কুশনার, মার্কো রুবিও এবং টনি ব্লেয়ারকে। একইসঙ্গে ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রী নেতানিয়াহু, সেনাবাহিনীর কমান্ডার ও সব সেনাসদস্যকে। তবে সবচেয়ে বড় অভিনন্দন প্রাপ্য জিম্মিদের পরিবার, যারা সাহসিকতা আর ধৈর্যের অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে।”

এর আগে, যুদ্ধবিরতির ঘোষণা আসার পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এক বিবৃতিতে বলেন, “এটা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক কূটনৈতিক অর্জন, এবং ট্রাম্প এই শান্তি প্রতিষ্ঠার জন্য নোবেল পুরস্কারের দাবি রাখেন।”

ট্রাম্পের উদ্যোগে ঘোষিত যুদ্ধবিরতির আওতায় গাজা থেকে বন্দিদের মুক্তি ও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা বন্ধের শর্তে সমঝোতায় পৌঁছায় দুই পক্ষ। মধ্যস্থতায় যুক্ত ছিল যুক্তরাষ্ট্র, কাতার, মিসর ও তুরস্ক।