সারাবিশ্ব
এবার সোশ্যাল মিডিয়া কনটেন্টের ওপর নিষেধাজ্ঞা দিল আফগানিস্তান
আফগানিস্তানে সামাজিক যোগাযোগমাধ্যমের নির্দিষ্ট কিছু কনটেন্টে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে তালেবান প্রশাসন। ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স (সাবেক টুইটার)-এর মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর ওপর আংশিক নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে বলে জানিয়েছে দেশটির তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের একাধিক সূত্র। খবর বিবিসির।
তবে ঠিক কোন ধরণের কনটেন্ট ফিল্টারের আওতায় পড়ছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
স্থানীয় ব্যবহারকারীরা বিবিসিকে জানিয়েছেন, অনেকেই ফেসবুকে ভিডিও দেখতে পারছেন না, ইনস্টাগ্রামেও ঢুকতে সমস্যা হচ্ছে। কারও কারও ফিডে ছবি ও ভিডিও লোডই হচ্ছে না।
এই নিষেধাজ্ঞা এসেছে এমন এক সময়, যখন কিছুদিন আগেই আফগানিস্তানজুড়ে দুই দিনের জন্য বন্ধ রাখা হয়েছিল ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা। সেই সময় দেশজুড়ে দেখা দিয়েছিল চরম ভোগান্তি বিঘ্নিত হয়েছিল ব্যবসা-বাণিজ্য, থমকে গিয়েছিল ফ্লাইট চলাচল, এবং সংকুচিত হয়েছিল জরুরি সেবা কার্যক্রম। নারীদের চলাচল ও যোগাযোগও আরও সীমিত হয়ে পড়ে।
তালেবান সরকারের পক্ষ থেকে এখনো এই নতুন কনটেন্ট নিষেধাজ্ঞা নিয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
তবে পূর্বাঞ্চলের নঙ্গরহার প্রদেশের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তিনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারলেও কোনও ভিডিও চালাতে পারছেন না, ছবি লোড হচ্ছে না।
এর আগে আগস্ট মাসে উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশের এক তালেবান মুখপাত্র জানিয়েছিলেন, ‘অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে’ ইন্টারনেট বন্ধের মতো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।