সারাবিশ্ব
ট্রাম্প নয়, শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা মাচাদো (ভিডিও)
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছর নোবেল পুরস্কার পেতে ব্যাপক আগ্রহ দেখিয়েছিলেন। তবে তিনি এ পুরস্কার পাননি। নরওয়েজিয়ান নোবেল কমিটি চলতি বছরের শান্তি পুরস্কারের জন্য ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেছে।
শুক্রবার (১০ অক্টোবর) এই সিদ্ধান্ত প্রকাশ করা হয়। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার শান্তিপূর্ণ আন্দোলনে তার অবদানের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হয়েছে।
মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলায় দীর্ঘদিন ধরে একনায়কতন্ত্রের বিরুদ্ধে শান্তিপূর্ণ লড়াই করে আসছেন। তিনি সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে তাদের সচেতন ও সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে জানিয়েছে নোবেল কমিটি।
বিবিসি জানিয়েছে, ২০২৫ সালের শান্তি পুরস্কারের জন্য মোট ৩৩৮টি মনোনয়ন জমা পড়ে। এর মধ্যে ২৪৪ জন ব্যক্তি এবং ৯৪টি প্রতিষ্ঠান বা সংগঠন মনোনীত হয়েছিল।
উল্লেখ্য, গত বছর শান্তি পুরস্কার পেয়েছিল জাপানের সংস্থা নিহন হিদানকিও, যারা পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিত্ব করে এবং পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবীর পক্ষে কাজ করে যাচ্ছে।
অন্যদিকে, নোবেল পুরস্কারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে পুরস্কার জেতার রেকর্ড রয়েছে মালালা ইউসুফজাইয়ের নামে। ২০১৪ সালে মাত্র ১৭ বছর বয়সে শান্তিতে নোবেল জিতেছিলেন তিনি। বিপরীতে, সবচেয়ে বেশি বয়সে পুরস্কারজয়ী ছিলেন জোসেফ রোটব্লাট, যিনি ১৯৯৫ সালে ৮৬ বছর বয়সে এই সম্মাননা লাভ করেন। এ পর্যন্ত ৩১টি প্রতিষ্ঠান শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছে।