সারাবিশ্ব

কাবুলে আবারও দূতাবাস চালু করবে ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ পিএম

কাবুলে আবারও দূতাবাস চালু করবে ভারত
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। ছবি: সংগৃহীত

দীর্ঘ বিরতির পর আফগানিস্তানের তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে কাবুলে দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দিয়েছে ভারত। শুক্রবার (১০ অক্টোবর) নয়াদিল্লিতে সফররত আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠকে এই ঘোষণা দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর।

২০২১ সালে আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর কাবুল থেকে ভারতসহ অনেক দেশই তাদের দূতাবাস বন্ধ করে দেয়। তবে এখন ভারত পুনরায় সংলাপ ও কূটনৈতিক উপস্থিতি জোরদার করতে উদ্যোগী হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বলেন, "আফগানিস্তানের সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা ও স্বাধীনতার প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ। সম্পর্ক আরও এগিয়ে নিতে আমরা কাবুলে আমাদের কূটনৈতিক মিশনকে আবারও দূতাবাসের মর্যাদায় উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছি।"

তালেবান সরকারের পক্ষ থেকে এই প্রথমবারের মতো কোনো শীর্ষ নেতা নয়াদিল্লি সফর করছেন। সাত দিনের সফরে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভারতে আসেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি। শুক্রবার তার সঙ্গে জয়শঙ্করের দ্বিপাক্ষিক বৈঠকে উন্নয়ন সহযোগিতা, বাণিজ্য সম্প্রসারণ ও রাজনৈতিক সংযোগ জোরদার করার বিষয়গুলো গুরুত্ব পায়।

চলতি বছরের শুরুতে দুবাইয়ে এক বৈঠকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ও আমির মুত্তাকি ইরানকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে বাণিজ্য সম্প্রসারণে একমত হয়েছিলেন। এরপর মে মাসেও দুই পক্ষের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার বিষয়ে আলোচনা হয়।