সারাবিশ্ব
নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করলেন মারিয়া কোরিনা
২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। নরওয়ের নোবেল কমিটি শুক্রবার তাকে এই পুরস্কারে ভূষিত করে। পুরস্কার গ্রহণের পর মারিয়া এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তার নোবেল শান্তি পুরস্কারটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন।
মারিয়া তার পোস্টে লেখেন, “এই নোবেল পুরস্কার ভেনেজুয়েলার জনগণের দীর্ঘদিনের সংগ্রামের একটি আন্তর্জাতিক স্বীকৃতি। এটি আমাদের স্বাধীনতা অর্জনের পথে আরও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে।”
তিনি আরও বলেন, “আমরা এখন বিজয়ের দ্বারপ্রান্তে। এ সংগ্রামে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকা এবং বিশ্বের গণতান্ত্রিক শক্তির অবদান আমরা কখনো ভুলব না। আমি এই পুরস্কার উৎসর্গ করছি ভেনেজুয়েলার নিপীড়িত জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন।”
মারিয়া কোরিনার পুরস্কারপ্রাপ্তিকে স্বাগত জানালেও, ট্রাম্পকে নোবেল না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে হোয়াইট হাউজ। প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, “নোবেল কমিটি আবারও প্রমাণ করল, তারা শান্তির চেয়ে রাজনীতিকে বেশি গুরুত্ব দেয়। অথচ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা প্রশ্নাতীত।”
বিবৃতিতে আরও বলা হয়, “শান্তিচুক্তি, যুদ্ধ বন্ধ, জীবন রক্ষা- এই কাজগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি একজন মানবিক হৃদয়ের মানুষ, যিনি নিজের নেতৃত্বগুণে অনেক অসম্ভবকে সম্ভব করেছেন।”
মারিয়া কোরিনা মাচাদো ভেনেজুয়েলার একজন সুপরিচিত বিরোধী নেত্রী, যিনি নিকোলাস মাদুরোর সরকারের বিরুদ্ধে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তার দল দেশটির স্বাধীনতা ও মানবাধিকার রক্ষায় আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানিয়ে আসছে।