সারাবিশ্ব

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই: আফগান প্রতিরক্ষামন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ০৫:৪৬ পিএম

পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের হাত নেই: আফগান প্রতিরক্ষামন্ত্রী
মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। ছবি: সংগৃহীত

আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনায় ভারতের কোনো ভূমিকা নেই বলে স্পষ্ট জানিয়েছেন আফগান প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ ইয়াকুব মুজাহিদ। একই সঙ্গে তিনি দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্ক সুদৃঢ় করতে সংলাপের ওপর জোর দিয়েছেন।

সম্প্রতি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, “আফগানিস্তান ও পাকিস্তান দুই প্রতিবেশী দেশ। উত্তেজনা কারও জন্যই সুফল বয়ে আনে না। সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সুপ্রতিবেশীতার ভিত্তিতে।”

দুই দেশের মধ্যে স্বাক্ষরিত দোহা চুক্তির প্রসঙ্গ টেনে মুজাহিদ জানান, তুরস্কে অনুষ্ঠেয় একটি বৈঠকে ওই চুক্তি বাস্তবায়ন ও পর্যবেক্ষণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। তার মতে, চুক্তির সব শর্ত মেনে চললে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন সম্ভব।

তিনি বলেন, “আফগানিস্তান সম্পূর্ণভাবে চুক্তির শর্ত মেনে চলছে। পাকিস্তান যদি তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়, তাহলে সেটা সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।”

আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানে হামলা চালাতে ভারতের মদদ রয়েছে- পাকিস্তানের এমন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন মুজাহিদ। তিনি বলেন, “এসব ভিত্তিহীন অভিযোগ। অন্য কোনো দেশের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড ব্যবহার হবে না। এটি আমাদের নীতির পরিপন্থী।”

তিনি আরও যোগ করেন, আফগানিস্তান স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে ভারতের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে এবং নিজেদের স্বার্থে সেই সম্পর্ক আরও গভীর করতে চায়। তবে একইসঙ্গে পাকিস্তানের সঙ্গেও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক বজায় রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

মুজাহিদ বলেন, “আমাদের লক্ষ্য হলো পারস্পরিক সম্পর্ক জোরদার করা, উত্তেজনা সৃষ্টি নয়। পাকিস্তানের অভিযোগ অযৌক্তিক, ভিত্তিহীন এবং আমাদের কাছে গ্রহণযোগ্য নয়।”