সারাবিশ্ব

রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: রুশ গোয়েন্দা প্রধান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ০৯:৩১ পিএম

রাশিয়ার সঙ্গে সংঘাতের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ: রুশ গোয়েন্দা প্রধান
সের্গেই নারিশকিন। ছবি: সংগৃহীত

রাশিয়ার বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, পশ্চিম ইউরোপ এককেন্দ্রিক বিশ্বব্যবস্থার অবসান মেনে নিতে পারছে না। এই কারণে তারা রাশিয়ার সঙ্গে সম্ভাব্য সামরিক সংঘাতের প্রস্তুতি নিচ্ছে।

সোমবার উজবেকিস্তানের সমরকন্দে আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া বক্তব্যে নারিশকিন এসব কথা বলেন। রুশ বার্তা সংস্থা আরটির খবরে এ তথ্য জানানো হয়েছে।

নারিশকিন বলেন, ইউরোপের দেশগুলো এখন রাশিয়াকে একটি প্রধান হুমকি হিসেবে তুলে ধরছে এবং সামরিক খাতে বিপুল পরিমাণ ব্যয় বরাদ্দ করছে। তিনি দাবি করেন, ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকেই ইইউভুক্ত দেশগুলো প্রতিরক্ষা ব্যয় বাড়িয়েছে। লক্ষ্য হচ্ছে ২০৩০ সালের মধ্যে এই খাতে ৮০০ বিলিয়ন ইউরো (প্রায় ৯৩৭ বিলিয়ন ডলার) বরাদ্দ দেওয়া।

নারিশকিন বলেন, ‘জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ কিংবা ইউরোপীয় কূটনীতিক কাজা ক্যালাসের মতো নেতারা রুশভীতি ছড়ানোকে সমাধান হিসেবে বেছে নিয়েছেন। ইউরোপজুড়ে সামরিক প্রস্তুতি বাড়ানোর এটিই প্রধান চালিকা শক্তি।’

মস্কো মনে করে, ন্যাটো বাহিনীকে ইউরোপে নতুন করে সাজানো, সামরিক উৎপাদন বাড়ানো এবং রাশিয়াবিরোধী প্রচারণা—সব মিলিয়ে পশ্চিমা দেশগুলো যুদ্ধের জন্য সক্রিয় প্রস্তুতি নিচ্ছে। তবে নারিশকিনের মতে, এসব দেশে সশস্ত্র বাহিনীর জন্য মানসিক ও শারীরিকভাবে উপযুক্ত লোক খুঁজে পেতেই এখন সমস্যায় পড়তে হচ্ছে।

তিনি বলেন, ‘পশ্চিমা তরুণদের মধ্যে ক্ষমতাসীন অভিজাতদের প্রতি এক ধরনের অনাস্থা ও উদাসীনতা তৈরি হয়েছে। এটা সামরিক বাহিনীর জনবল নিয়োগেও নেতিবাচক প্রভাব ফেলছে।’

নারিশকিন আরও বলেন, বিশ্ব এখন একটি বহুমুখি কাঠামোর দিকে এগোচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, ‘এই রূপান্তর অবশ্যই নিশ্চিত করতে হবে, তবে তা যেন বিগত যুগের মতো কোনো বড় যুদ্ধে রূপ না নেয়।’