সারাবিশ্ব
ইন্দোনেশিয়ায় জুমার নামাজের সময় মসজিদে বিস্ফোরণ, আহত ৫৫
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় জুমার নামাজের সময় এক মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫৫ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৭ নভেম্বর) রাজধানীর কেল্লাপা গাডিং এলাকায় একটি স্কুল কমপ্লেক্সের ভেতরে অবস্থিত মসজিদে।
জাকার্তা সিটি পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি জানিয়েছেন, আহতদের মধ্যে কেউ কেউ সামান্য, আবার কেউ মাঝারি থেকে গুরুতর আঘাত পেয়েছেন। তাদের বেশিরভাগকেই নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, বিস্ফোরণের পরপরই ঘটনাস্থল ঘিরে ফেলা হয় এবং বোমা নিস্ক্রিয়করণ ইউনিটসহ বিশেষ টিম তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হামলাও হতে পারে।
আসেপ বলেন, “আমরা এখন পর্যন্ত ৫৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছি। তাদের মধ্যে অনেকেই কাঁচের টুকরায় আহত হয়েছেন।”
ইন্দোনেশিয়ার ডেপুটি হাউস স্পিকার সুফমি দাসকো আহমদ আহতদের দেখতে হাসপাতালে যান। তিনি জানান, ১৭ বছর বয়সী এক যুবককে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং তার অস্ত্রোপচার চলছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণের সঠিক কারণ অনুসন্ধানে জাকার্তা পুলিশ ও বোমা বিশেষজ্ঞ দল কাজ করছে। পাশাপাশি আহতদের স্বজনদের সহায়তার জন্য দুটি হাসপাতালে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে।