সারাবিশ্ব

সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৫, ০৭:০০ পিএম

সন্ত্রাসী তালিকা থেকে সিরিয়ার প্রেসিডেন্টের নাম সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

সিরিয়ার প্রেসিডেন্ট আহমাদ আল-শারার নাম যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট এই সিদ্ধান্তের ঘোষণা দেয়।

একইসঙ্গে সিরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আনাস খাত্তাবকেও বিশেষভাবে নির্ধারিত বৈশ্বিক সন্ত্রাসী (এসডিজিটি) নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের এক বিবৃতিতে বলা হয়, আহমাদ আল-শারাকে- যিনি পূর্বে মুহাম্মদ আল-জাওলানির নামে তালিকাভুক্ত ছিলেন এক্সিকিউটিভ অর্ডার ১৩২২৪ অনুসারে সন্ত্রাসবাদের সঙ্গে সংশ্লিষ্ট তালিকা থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্ত আসে একদিন পর, যখন জাতিসংঘ নিরাপত্তা পরিষদও আল-শারা ও খাত্তাবকে নিষেধাজ্ঞা তালিকা থেকে অপসারণের প্রস্তাব অনুমোদন করে।

যুক্তরাষ্ট্র জানিয়েছে, বাশার আল-আসাদের পদত্যাগের পর সিরিয়ার নতুন নেতৃত্ব যে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এবং দেশটিতে দীর্ঘ ৫০ বছরের শাসন-নিপীড়নের পর সংস্কারের পদক্ষেপ শুরু করেছে, সেই অগ্রগতির স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।