সারাবিশ্ব
লিবিয়া উপকূলে নৌকাডুবিতে নিখোঁজ ৪২
লিবিয়া উপকূলে একটি রাবারের নৌকা ডুবে ৪২ জন অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের সবাই মারা গেছেন বলে আশঙ্কা করে জাতিসংঘ এই তথ্য নিশ্চিত করেছে।
বুধবার আন্তর্জাতিক গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বিষয়টি জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।
জেনেভা থেকে এএফপিকে দেওয়া তথ্য অনুযায়ী, নৌকাটি ডোবার পর টানা ছয় দিন ভেসে থাকার পর মাত্র সাতজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা নৌকার সামান্য অংশ আঁকড়ে ধরে বেঁচে ছিলেন।
আইওএম জানায়, নিখোঁজ ৪২ জনের মধ্যে ২৯ জন সুদানের, ৮ জন সোমালিয়ার, ৩ জন ক্যামেরুনের এবং ২ জন নাইজেরিয়ার নাগরিক।
সংস্থাটি আরও জানায়, জীবিত উদ্ধার হওয়া সাতজনের মধ্যে সুদানের চারজন, নাইজেরিয়ার দু’জন, এবং ক্যামেরুনের একজন রয়েছেন।
আইওএম জানিয়েছে, উত্তর আফ্রিকা থেকে ইউরোপগামী অভিবাসন পথটি বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রুটগুলোর একটি। এ ঘটনায় মানবিক সংস্থাগুলো সমুদ্রপথে অভিবাসীদের ঝুঁকি কমাতে জরুরি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান পুনর্ব্যক্ত করেছে।