সারাবিশ্ব
শর্ত দিয়ে দেশ ছাড়তে রাজি হয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে গত ২১ নভেম্বর টেলিফোনে কথা বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই সময় তাকে ক্ষমতা ছেড়ে নিজ দেশ থেকে চলে যাওয়ার জন্য বলেছেন ট্রাম্প। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেবে বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
বার্তাসংস্থা রয়টার্স মঙ্গলবার (২ ডিসেম্বর) জানিয়েছে, ২১ নভেম্বর মাদুরো ও ট্রাম্পের মধ্যে কথোপকথন খুব সংক্ষিপ্ত ছিল। ওই সময়ে মাদুরো বিভিন্ন দাবি উত্থাপন করেছিলেন, যার মধ্যে তার ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের সব নিষেধাজ্ঞা প্রত্যাহার, আন্তর্জাতিক অপরাধ আদালতে চলা মামলা এবং তার পরিবারের সদস্যদের নিরাপত্তার নিশ্চয়তা অন্তর্ভুক্ত ছিল। তবে ট্রাম্পের বেশিরভাগ দাবি প্রত্যাখ্যান করা হয়।

মাদুরো আরও চেয়েছেন, ভেনেজুয়েলার আরও ১০০ কর্মকর্তার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক। উল্লেখ্য, এই কর্মকর্তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন, মাদক চোরাচালান ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
ট্রাম্প মাদুরোকে এক সপ্তাহ সময় দিয়েছিলেন। এই সময়ের মধ্যে তিনি পরিবারসহ নিজের পছন্দের দেশে চলে যেতে পারেন। এক সপ্তাহের আল্টিমেটাম শেষ হওয়ার পর ট্রাম্প শনিবার ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধের ঘোষণা দেন বলে দুটি সূত্র জানিয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, মাদুরোর সামনে এখন খুব বেশি বিকল্প নেই। প্রেসিডেন্ট ট্রাম্পও আগে স্বীকার করেছিলেন, মাদুরোর সঙ্গে তার ফোনে কথা হয়েছে, কিন্তু বিস্তারিত তথ্য দেননি। মাদুরো ও ট্রাম্পের আলোচনার সময়ও মাত্র ১৫ মিনিট ছিল।