সারাবিশ্ব

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ১০:০০ এএম

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ
ছবি: সংগৃহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে কঠোর নিরাপত্তার মধ্যে জোর করে প্রবেশ করেছে প্রায় ২০০ অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারী। ইসরায়েলি পুলিশের সহায়তায় তারা পবিত্র স্থানটিতে অনধিকার প্রবেশ করে এবং ডোম অব দ্য রকের কাছে তালমুদিক ধর্মীয় আচার পালন করে। খবর দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

জেরুজালেম প্রাদেশিক প্রশাসনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকালে ও বিকেলে দুই দফায় মোট ১৮২ জন বসতির বাসিন্দা আল-আকসা চত্বরে প্রবেশ করে ধর্মীয় রীতি পালন করে। একই দিনে ৭৭৮ জন বিদেশি পর্যটকও মসজিদ এলাকায় প্রবেশ করেছেন।

সরকারি হিসাব বলছে, শুধু নভেম্বর মাসে প্রায় ৪ হাজার ২৮৬ ইসরায়েলি বসতি স্থাপনকারী ও ১৫ হাজারের বেশি বিদেশি পর্যটক আল-আকসা মসজিদ এলাকায় প্রবেশ করেছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষের দাবি, এসব অনুপ্রবেশ ইসরায়েলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ-যার মাধ্যমে আল-আকসা মসজিদের পবিত্র চত্বরকে সময় ও স্থানভিত্তিকভাবে ভাগ করে নেওয়ার চেষ্টায় লিপ্ত ইসরায়েল।

ইসলামিক ওয়াকফ কর্তৃপক্ষের মতে, আল-আকসার ১৪৪ দুনুমজুড়ে বিস্তৃত পুরো এলাকা মুসলমানদের ইবাদতের স্থান, যার ধর্মীয় মর্যাদা ও স্বকীয়তা অক্ষুণ্ণ রাখা অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আল-আকসা মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান। ১৯৬৭ সালে পূর্ব জেরুজালেম দখলের পর থেকে ইসরায়েল বারবার মরক্কো গেট দিয়ে ইহুদিদের অনুপ্রবেশ বৃদ্ধির চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। ফিলিস্তিনিদের কাছে আল-আকসা শুধু ধর্মীয় স্থান নয়, এটি তাদের প্যালেস্টাইনি প্রতিরোধের প্রতীক।