সারাবিশ্ব

৭০টি দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ আনাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:০৮ পিএম

৭০টি দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ আনাস
৭০টি দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ আনাস। ছবি: সংগৃহীত

তৃতীয়বারের মতো আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্ব জয় করলেন বাংলাদেশের নাম উজ্জ্বল করা হাফেজ আনাস বিন আতিক।

এবার মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন তিনি।

ANAS 1.jpg
বাংলাদেশের নাম উজ্জ্বল করা হাফেজ আনাস বিন আতিক। ছবি: সংগৃহীত

গতকাল বুধবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ১০টায় এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। মিসরের ধর্মমন্ত্রীসহ একাধিক সরকারি কর্মকর্তা বিজয়ীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দিয়েছেন।

তিনি রাজধানীর মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র। তাঁর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে।

হাফেজ আনাসের ওস্তাদ শায়খ নেছার আহমদ আন নাছিরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত শনিবার (৭ ডিসেম্বর) কায়রোতে আনুষ্ঠানিকভাবে ৩২তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার উদ্বোধন হয়। চার দিনব্যাপী এই আয়োজনে বিশ্বের ৭০টি দেশের প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে প্রথম হয়েছেন আমাদের ছাত্র হাফেজ আনাস বিন আতিক।’

ANAS 2.jpg
৭০টি দেশকে হারিয়ে কোরআন প্রতিযোগিতায় ১ম বাংলাদেশের হাফেজ আনাস। ছবি: সংগৃহীত

হাফেজ আনাস বাংলাদেশের ধর্ম মন্ত্রণালয়ের আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে অনুষ্ঠিত জাতীয় বাছাইপর্বে প্রথম স্থান অর্জন করে এই বৈশ্বিক মঞ্চে অংশগ্রহণের যোগ্যতা লাভ করেন।