সারাবিশ্ব

গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ৬ 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

গাজায় বিয়ের আসরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় নিহত ৬ 
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যেই একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গাজা সিটির তুফাহ এলাকায় অবস্থিত একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলে এই নৃশংস ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইসরায়েলি হামলার কারণে বাস্তুচ্যুত হওয়া কয়েকটি পরিবার তুফাহ এলাকার ওই স্কুলের দোতলায় একটি বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেছিল। আনন্দঘন সেই পরিবেশের মধ্যেই হঠাৎ ইসরায়েলি বাহিনী সেখানে বোমা বর্ষণ করে।

আইডিএফ এই হামলার বিষয়ে সরাসরি কোনো কারণ না জানালেও তারা দাবি করেছে যে, ওই এলাকায় ‘সন্দেহভাজন’ ব্যক্তিদের লক্ষ্য করে তারা গুলি চালিয়েছিল। পরবর্তীতে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনায় তারা ‘দুঃখ’ প্রকাশ করে ঘটনাটি পর্যালোচনা করার কথা জানিয়েছে।

উল্লেখ্য, টানা দুই বছর যুদ্ধের পর গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত তিন স্তরের শান্তি পরিকল্পনার অধীনে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল ও হামাস। তবে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী অন্তত দেড় শতাধিকবার ছোট-বড় হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। 

বর্তমানে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের মেয়াদ শেষ হতে চললেও এ ধরনের হামলা পুরো শান্তি প্রক্রিয়াকে আবারও হুমকির মুখে ফেলেছে।