সারাবিশ্ব

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

ইসরায়েলি গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
ছবি: সংগৃহীত

দখলদার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (২০ ডিসেম্বর) দেশটির বিচার বিভাগীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

ইরানের বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদমাধ্যম মিজান জানায়, আঘিল কেশাভার্জ নামের ওই ব্যক্তিকে শনিবার ফাঁসিতে ঝোলানো হয়। তার বয়স ছিল ২৭ বছর। পেশায় তিনি একজন আর্কিটেকচার ইঞ্জিনিয়ার ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের শুরুতে উত্তর-পূর্বাঞ্চলের উরমিয়া শহরে তাকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনীর একটি টহল দল সেনা সদর দপ্তরের ছবি তোলার সময় তাকে হাতেনাতে আটক করে। তদন্তে উঠে আসে, তিনি মোসাদ ও ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের সঙ্গে এনক্রিপটেড মেসেজিং প্ল্যাটফর্মে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং কাজের বিনিময়ে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ পেতেন।

চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধের পর থেকেই গুপ্তচরবিরোধী অভিযান জোরদার করে তেহরান। এরপর একাধিক ইসরায়েলি গুপ্তচরের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শুধু সেপ্টেম্বর মাসেই অন্তত ১০ জনের ফাঁসি কার্যকর করে ইরান।

এর আগে ইরানি কর্তৃপক্ষ দাবি করেছিল, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একজন ছিল দেশটির ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ইসরায়েলি গুপ্তচর।

এদিকে গত অক্টোবরে গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে আরও কঠোর আইন পাস করে ইরান। নতুন আইনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হয়ে কাজ করার অভিযোগ প্রমাণিত হলে বাধ্যতামূলকভাবে মৃত্যুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সম্পত্তি বাজেয়াপ্ত করার কথাও আইনে উল্লেখ করা হয়েছে।