সারাবিশ্ব
ভারতে খ্রিষ্টানদের বড়দিন উদযাপনে বাধা, সাজসজ্জায় আগুন দিল হিন্দুত্ববাদী জঙ্গিরা
ভারতে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উদযাপনে আবারও বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) ও বজরং দলের বিরুদ্ধে।
বুধবার (২৪ ডিসেম্বর) আসামের নালবাড়ি জেলার একটি স্কুলে বড়দিন উপলক্ষে করা সাজসজ্জা ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, নালবাড়ির পানিগাঁও গ্রামের সেন্ট মেরিস স্কুল প্রাঙ্গণে ভিএইচপি ও বজরং দলের কয়েকজন সদস্য প্রবেশ করে বড়দিনের সাজসজ্জা ও পোস্টার ছিঁড়ে ফেলে। পরে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইন্ডিয়া টুডে এনই প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, একদল ব্যক্তি ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দিতে বড়দিনের সাজসজ্জায় আগুন দিচ্ছে।
একই দিনে নালবাড়ির আরেকটি ঘটনায় প্রায় ১৫ থেকে ২০ জন বজরং দলের সদস্য একটি দোকানে রাখা বড়দিনের সাজসজ্জার সামগ্রী পুড়িয়ে দেয় এবং দোকানটি বন্ধ করতে বাধ্য করে। স্থানীয় সংবাদমাধ্যম আসাম লাইভ জানিয়েছে, দোকানদার দাবি করেছেন—বড়দিনের সামগ্রী বিক্রি করা নিষিদ্ধ, এমন কোনো তথ্য তিনি জানতেন না। তার অভিযোগ, অভিযুক্তরা পণ্যগুলো নর্দমায় ফেলে আগুন ধরিয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিন ঘিরে খ্রিষ্টানদের ওপর হামলা ও উৎসব ব্যাহত করার অভিযোগ ক্রমেই বাড়ছে। কেরালার পালাক্কাড় জেলার পুদুস্সেরি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ক্যারল গান গাওয়ার সময় শিশুদের একটি দলের ওপর হামলার ঘটনায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উত্তরাখণ্ডের হরিদ্বারে গঙ্গার তীরে রাজ্য পর্যটন দপ্তর পরিচালিত একটি হোটেল বড়দিনের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হয়। গঙ্গা সভার ডাকে হওয়া প্রতিবাদের মুখে কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়।
এদিকে, দিল্লির লাজপত নগরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে সান্তা ক্লজের টুপি পরা নারী ও শিশুদের হুমকি দিতে দেখা যায়। তবে পুলিশ জানিয়েছে, এটি একটি সামান্য মৌখিক বিরোধ ছিল এবং তা বড় কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতিতে রূপ নেয়নি।
এর আগে মঙ্গলবার ক্যাথলিক বিশপস কনফারেন্স অব ইন্ডিয়া দেশের বিভিন্ন রাজ্যে বড়দিনের আগে খ্রিষ্টানদের ওপর হামলার ‘উদ্বেগজনক বৃদ্ধি’ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে। সংগঠনটি জানায়, এসব ঘটনা সংবিধানে প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা ও নির্ভয়ে উপাসনার অধিকারের পরিপন্থি।
বিশেষ করে মধ্যপ্রদেশের জবলপুরে একটি গির্জায় বড়দিনের অনুষ্ঠানে অংশ নেওয়া এক দৃষ্টিপ্রতিবন্ধী নারীকে বিজেপির স্থানীয় নেত্রী অঞ্জু ভার্গভা শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করে। অভিযোগ অনুযায়ী, ওই নারীকে ধর্মান্তরের অভিযোগে লাঞ্ছিত করা হয় এবং ঘটনার সময় একজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন বলেও জানানো হয়েছে।