সারাবিশ্ব
তেহরানে সশস্ত্র হামলায় সাবেক আফগান পুলিশপ্রধান নিহত
ইরানের রাজধানী তেহরানে এক সশস্ত্র হামলায় আফগানিস্তানের সাবেক সরকারের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকরামুদ্দিন সারি, যিনি আফগান সরকারের সময়ে তাখার প্রদেশের পুলিশপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
ইরানি পুলিশ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানি বার্তা সংস্থা মেহরের প্রতিবেদনে বলা হয়, তেহরানের ভালি আসর স্ট্রিট এলাকায় নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর আকরামুদ্দিন সারির ওপর হামলা চালানো হয়। অজ্ঞাতনামা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হামলায় তাকে মাথায় গুলি করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে। কারা এই হামলার সঙ্গে জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী—তা খতিয়ে দেখা হচ্ছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।