সারাবিশ্ব
ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে খালেদা জিয়ার প্রতি ইসহাক দারের শ্রদ্ধা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার।
আজ শনিবার (৩ জানুয়ারি) ইসলামাবাদের বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করে তিনি এই শ্রদ্ধা নিবেদন করেন।
হাইমিশনে পৌঁছালে তাঁকে স্বাগত জানান মিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এসময় ইসহাক দার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মৃতির উদ্দেশ্যে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন। শোকবার্তায় তিনি খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন, বিশেষ করে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর অবদান এবং আঞ্চলিক স্থিতিশীলতায় তাঁর ভূমিকার কথা স্মরণ করেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, শোক বইয়ে স্বাক্ষরকালে ইসহাক দার বলেন, "বেগম খালেদা জিয়া তাঁর দেশ ও মানুষের সেবায় জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর নেতৃত্ব এবং প্রতিকূল সময়ে ধৈর্য ধারণের ক্ষমতা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।" তিনি শোকসন্তপ্ত পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি পাকিস্তানের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান।
এর আগে, গত মঙ্গলবার (৩০ ডিসেম্বর, ২০২৫) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করা হয়। বুধবার মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়া উদ্যানে সমাহিত করা হয়।
উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, কাতারের আমির এবং বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক জানিয়েছেন। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক সশরীরে ঢাকায় এসে তাঁর জানাজায় অংশ নিয়েছিলেন।