সারাবিশ্ব

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: আয়াতুল্লাহ খামেনি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৬, ০৮:২২ পিএম

ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: আয়াতুল্লাহ খামেনি
ছবি: সংগৃহীত

ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভ ঘিরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কঠোর জবাব দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। শনিবার দেওয়া এক ভাষণে তিনি স্পষ্ট করে বলেন, “ইসলামিক রিপাবলিক অব ইরান কখনোই শত্রুর কাছে মাথানত করবে না।” একই সঙ্গে বিক্ষোভের নামে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন তিনি।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ইরানি মুদ্রার ব্যাপক অবমূল্যায়ন ও লাগামহীন মূল্যস্ফীতির প্রতিবাদে গত রোববার থেকে শুরু হওয়া বিক্ষোভ ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিয়েছে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখন পর্যন্ত অন্তত ১০ জন নিহত হয়েছেন এবং দুই শতাধিক মানুষকে আটক করা হয়েছে।

এর আগে শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান সরকার যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী দমন-পীড়ন চালায়, তাহলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র “লকড অ্যান্ড লোডেড” অবস্থায় রয়েছে।

ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্র যদি কোনো ধরনের হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে অবস্থিত সব মার্কিন সামরিক ঘাঁটি ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।

খামেনি তার ভাষণে দেশের অর্থনৈতিক সংকটের কথাও স্বীকার করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের দুরবস্থা বাস্তব এবং তাদের অভিযোগ যৌক্তিক। তবে তিনি জোর দিয়ে বলেন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের সঙ্গে আলোচনার সুযোগ থাকলেও দাঙ্গাবাজদের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।

নরওয়েভিভিত্তিক কুর্দি মানবাধিকার সংস্থা হেনগাও জানিয়েছে, ইরানের পশ্চিমাঞ্চলের লরেস্তান ও কুর্দিস্তান প্রদেশে সংঘর্ষ সবচেয়ে তীব্র আকার ধারণ করেছে। শুধু এক রাতেই গ্রেপ্তারের সংখ্যা ৭৭ জন বেড়ে মোট ১৩৩ জনে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০২২ সালে মাহসা আমিনির মৃত্যুর পর এটি ইরানের সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকট। নতুন মার্কিন নিষেধাজ্ঞা ও সামরিক হুমকি, সিরিয়ায় মিত্র বাশার আল-আসাদের পতন এবং হিজবুল্লাহর ওপর ইসরায়েলি হামলা—সব মিলিয়ে তেহরান বর্তমানে দীর্ঘদিনের মধ্যে সবচেয়ে কঠিন সময় পার করছে।