সারাবিশ্ব

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৬, ১০:৫৪ এএম

ট্রাম্পের সঙ্গে নোবেল পুরস্কার ভাগ করতে চান ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মাচাদো
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো জানিয়েছেন, তিনি শান্তিতে নোবেল পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে আগ্রহী।

সোমবার (৫ জানুয়ারি) মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজে সিন হেনিতির সঙ্গে এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন মাচাদো। উল্লেখ্য, গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি। এ পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পও সক্রিয়ভাবে চেষ্টা করেছিলেন বলে জানা যায়। তবে শেষ পর্যন্ত নোবেল কমিটি পুরস্কারটি মাচাদোকেই প্রদান করে।

পুরস্কার ঘোষণার সময় নিজ দেশে আত্মগোপনে থাকলেও তা গ্রহণ করতে গোপনে নরওয়ের রাজধানী অসলোতে উপস্থিত হন মাচাদো।

এদিকে, নোবেল পুরস্কার পাওয়া নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। এমনকি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ক্ষমতাচ্যুত করলেও মাচাদোকে রাষ্ট্রীয় কোনো দায়িত্ব দেননি ট্রাম্প। যদিও ২০২৪ সালের নির্বাচনে মাচাদোর নেতৃত্বেই বিরোধী দল জয়ী হয়েছিল বলে ধারণা করা হয়।

মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্টকে হোয়াইট হাউজের দুই কর্মকর্তা জানান, নোবেল পুরস্কার গ্রহণের মাধ্যমেই মাচাদো কার্যত ট্রাম্পের কাছ থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। তাদের দাবি, মাচাদো যদি নোবেল গ্রহণ না করে তা ট্রাম্পের নামে উৎসর্গ করতেন, তাহলে আজ তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারতেন।

এক কর্মকর্তা বলেন, “মাচাদো যদি বলতেন, ‘এই পুরস্কার আমার নয়, এটি ট্রাম্পের’, তাহলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।” অপর কর্মকর্তা মন্তব্য করেন, নোবেল গ্রহণ করে তিনি এক ধরনের ‘ভুল’ করেছেন, যার ফলেই ক্ষমতার বাইরে থাকতে হচ্ছে।

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে মাচাদো বলেন, “আমি এখনো ব্যক্তিগতভাবে ট্রাম্পকে এ পুরস্কার দিইনি। তবে আমি আনন্দিত হবো যদি তাকে জানাতে পারি—ভেনেজুয়েলার জনগণ বিশ্বাস করে, এই পুরস্কার তাদের জন্য, এবং আমরা এটি ট্রাম্পের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

প্রসঙ্গত, গত শনিবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্সের সদস্যরা ভেনেজুয়েলা থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যান। এর কয়েক ঘণ্টা পরই এক পোস্টে মাচাদো জানান, তারা ভেনেজুয়েলার ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুত।

তবে তার সেই আশায় পানি ঢেলে দেন ট্রাম্প নিজেই। তিনি বলেন, ভেনেজুয়েলা শাসনের মতো রাজনৈতিক গ্রহণযোগ্যতা মাচাদোর নেই, কারণ দেশটির জনগণ তাকে যথেষ্ট সম্মান করে না।

মাচাদোর ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ট্রাম্পের এমন বক্তব্যে তিনি বিস্মিত ও মানসিকভাবে আহত হয়েছেন।