সারাবিশ্ব

দুর্নীতির অভিযোগে ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:৪৭ পিএম

দুর্নীতির অভিযোগে ঘানার পলাতক সাবেক অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার
কেন ওফোরি-আত্তা। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ঘানার সাবেক অর্থমন্ত্রী কেন ওফোরি-আত্তা দেশ ছাড়লেও যুক্তরাষ্ট্রে নিরাপদ থাকতে পারেননি। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ তাকে গ্রেপ্তার করেছে, জানিয়েছেন তার আইনজীবীরা। এ তথ্য বৃহস্পতিবার ফরাসি বার্তা সংস্থা এএফপি প্রকাশ করেছে।

৬৬ বছর বয়সী কেন ওফোরি-আত্তা গত বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। সেখানে তিনি প্রোস্টেট ক্যানসারের অস্ত্রোপচারসহ বিভিন্ন চিকিৎসা নিচ্ছিলেন। তার আইনজীবীরা জানিয়েছেন, গত ফেব্রুয়ারিতে ঘানার কর্তৃপক্ষ তাকে পলাতক ঘোষণা করে এবং নভেম্বরে দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ বাড়ানোর আবেদন করেন।

এক বিবৃতিতে আইনজীবীরা জানিয়েছেন, মঙ্গলবার (স্থানীয় সময়) যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) ওফোরি-আত্তাকে গ্রেপ্তার করেছে। বর্তমানে তার অবস্থান সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলছে। তারা আরও জানিয়েছেন, ওফোরি-আত্তা অভিবাসন কর্তৃপক্ষকে সম্পূর্ণ সহযোগিতা করছেন এবং আশা করা হচ্ছে বিষয়টি দ্রুত সমাধান হবে।

আইসিইর অনলাইন তথ্য অনুযায়ী, তাকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি স্থাপনায় রাখা হয়েছে।

ওফোরি-আত্তা ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ঘানার সাবেক প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর সরকারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই সময়ে তিনি বিতর্কিত কর সংস্কার কার্যক্রম পরিচালনা এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর সঙ্গে আলোচনার নেতৃত্ব দেন।