সারাবিশ্ব
এবার ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেছেন, ক্ষমতার দম্ভে থাকা অতীতের স্বৈরশাসকদের মতোই ট্রাম্পেরও পতন ঘটবে।
শুক্রবার (৯ জানুয়ারি) তেহরানে দেওয়া এক ভাষণে খামেনি বলেন, ইতিহাস সাক্ষী—ফেরাউন, নমরুদ এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মোহাম্মদ রেজা পাহলভির মতো শাসকরা চূড়ান্ত ক্ষমতার অবস্থায় থেকেও ধ্বংস হয়ে গেছেন। ট্রাম্পের পরিণতিও তাদের থেকে ভিন্ন হবে না বলে মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ওই ভাষণে তিনি দেশজুড়ে চলমান অস্থিরতা ও এর পেছনে বিদেশি শক্তির ভূমিকার কথা তুলে ধরেন।
বিক্ষোভকারীদের সমালোচনা করে খামেনি বলেন, যারা দেশে নাশকতা চালাচ্ছে তারা মূলত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে সন্তুষ্ট করার উদ্দেশ্যেই এসব করছে। তার ভাষায়, ট্রাম্প যদি সত্যিই শাসন পরিচালনার যোগ্য হতেন, তবে আগে নিজের দেশের ভেতরের সংকট মোকাবিলায় মনোযোগ দিতেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেন, লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ষড়যন্ত্রকারীর কাছে এই রাষ্ট্র মাথা নত করবে না। অস্থিরতা সৃষ্টিকারীদের বিদেশি শক্তির দালাল আখ্যা দিয়ে তিনি বলেন, ইরান তার সার্বভৌমত্ব রক্ষায় কোনো আপস করবে না।
একই সঙ্গে দেশবাসীকে সতর্ক করে খামেনি বলেন, ওয়াশিংটন ও তাদের মিত্ররা পরিকল্পিতভাবে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে এসব চক্রান্ত সফল হবে না।