সারাবিশ্ব

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানালো ইরানি দূতাবাস


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

খামেনির দেশত্যাগের গুঞ্জন, যা জানালো ইরানি দূতাবাস
ছবি: সংগৃহীত

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল ইরানের পরিস্থিতি নিয়ে বিশ্বজুড়ে নানা জল্পনা চলছে। এরই মধ্যে দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে তা নিয়ে মুখ খুলেছে ইরানি দূতাবাস। খামেনির দেশ ছাড়ার এই দাবিকে সম্পূর্ণ ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

দেশটির বিভিন্ন শহরে অর্থনৈতিক সংকট, উচ্চ মূল্যস্ফীতি ও বেকারত্বের বিরুদ্ধে ব্যাপক  বিক্ষোভ চলছে। এরই মধ্যে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।

প্রতিবেদনে বলা হয়েছিল, ৮৬ বছর বয়সি খামেনি বিক্ষোভ তীব্র হলে এবং নিরাপত্তা বাহিনী বা সেনাবাহিনী সরকারী নির্দেশ মানতে অস্বীকৃতি জানালে, পরিবারের প্রায় ২০ জন ঘনিষ্ঠ সদস্যকে নিয়ে দেশ ছাড়তে পারেন। এমনকি তার সম্ভাব্য গন্তব্য হিসেবে রাশিয়ার রাজধানী মস্কোর কথাও উল্লেখ করা হয়। আরও দাবি করা হয় তার বিদেশে সম্পদ রয়েছে। 

তবে এ বিষয়ে ভারতের ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানায়, এসব দাবি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।

দূতাবাস জানায়, ইসরাইলের সঙ্গে ১২ দিনব্যাপী যুদ্ধ চলাকালেও খামেনি দেশ ছাড়েননি। ফলে বর্তমান বিক্ষোভের কারণে তিনি পালিয়ে যাচ্ছেন—এমন দাবি পুরোপুরি অসত্য। দূতাবাস একে ‘শত্রু রাষ্ট্রগুলোর ছড়ানো অপপ্রচার’ বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে।