সারাবিশ্ব

মহাকাশ অভিযানে একসঙ্গে ১৬ স্যাটেলাইট হারাল ভারত


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৮:৪৫ এএম

মহাকাশ অভিযানে একসঙ্গে ১৬ স্যাটেলাইট হারাল ভারত
ছবি: সংগৃহীত

মহাকাশ অভিযানে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে ভারত। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-এর পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণের পর গুরুতর প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়েছে।

উৎক্ষেপণের কিছুক্ষণের মধ্যেই রকেটের তৃতীয় ধাপে বড় ধরনের বিচ্যুতি ধরা পড়ায় একসঙ্গে ১৬টি উপগ্রহ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সোমবার সকাল ১০টা ১৮ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে পিএসএলভি-সি৬২ উৎক্ষেপণ করা হয়। উৎক্ষেপণের পর রকেটের প্রথম ও দ্বিতীয় ধাপ পরিকল্পনা অনুযায়ী সফলভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে প্রবেশের পরই এর গতিপথে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

মহাকাশ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, পিএসএলভির তৃতীয় ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধাপেই রকেটের গতি ও কক্ষপথ নির্ধারণ চূড়ান্ত হয়। ফলে এ পর্যায়ে কোনো ত্রুটি দেখা দিলে পুরো মিশন ব্যর্থ হওয়ার ঝুঁকি অত্যন্ত বেশি থাকে।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন জানান, উৎক্ষেপণের সময় সংগৃহীত সব তথ্য ও টেলিমেট্রি ডেটা বিশ্লেষণ করা হচ্ছে। তিনি বলেন, “মিশনটি প্রত্যাশিত গতিপথে এগোতে পারেনি। তবে পূর্ণাঙ্গ বিশ্লেষণ শেষ না হওয়া পর্যন্ত এটিকে সফল বা ব্যর্থ বলে ঘোষণা করা হবে না।”

এই মিশনে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ছিল ভারতের পৃথিবী পর্যবেক্ষণ উপগ্রহ ইওএস-এন১, প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি নজরদারি উপগ্রহ ‘অন্বেষা’। পাশাপাশি ভারতীয় বেসরকারি মহাকাশ উদ্যোগের কয়েকটি উপগ্রহের সঙ্গে ব্রাজিল, নেপাল ও যুক্তরাজ্যের একাধিক বিদেশি স্যাটেলাইটও ছিল।

বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি পিএসএলভি-সি৬২ মিশনটি আনুষ্ঠানিকভাবে ব্যর্থ ঘোষণা করা হয়, তবে তা শুধু ইসরোর জন্য নয়, ভারতের ক্রমবর্ধমান বাণিজ্যিক মহাকাশ কর্মসূচির জন্যও বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। কারণ ভারতের আন্তর্জাতিক উৎক্ষেপণ বাজারের একটি বড় অংশই পিএসএলভি রকেটের ওপর নির্ভরশীল।

এখনও পর্যন্ত ইসরোর পক্ষ থেকে চূড়ান্ত ঘোষণা না এলেও, তৃতীয় ধাপের এই ত্রুটির কারণে এক ধাক্কায় ১৬টি উপগ্রহ হারানোর সম্ভাবনা ভারতের মহাকাশ কর্মসূচি নিয়ে নতুন করে উদ্বেগ ও আলোচনার জন্ম দিয়েছে।