সারাবিশ্ব
নিয়ম অমান্য করে হিজাব পরে গ্রেফতার সেই আফগান তরুণীর মুক্তি
তালেবান সরকারের আরোপিত বিধিনিষেধ লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তার হওয়া আফগান তরুণী ও তায়কোয়ান্দো প্রশিক্ষক খাদিজা অবশেষে মুক্তি পেয়েছেন। ১৩ দিন কারাবন্দি থাকার পর গত বৃহস্পতিবার আফগানিস্তানের সুপ্রিম কোর্টের আদেশে তাকে ছেড়ে দেওয়া হয়।
তালেবান প্রশাসনের অভিযোগ ছিল, খাদিজা ‘সঠিকভাবে’ হিজাব না পরা, ব্যায়ামের সময় গান চালানো এবং তার জিমে নারী–পুরুষ উভয়ের একসঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার মাধ্যমে নিয়ম ভঙ্গ করেছেন। এসব অভিযোগে তাকে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় শহর হেরাতের উপকণ্ঠ থেকে আটক করা হয়।
পাপ প্রতিরোধ ও সদ্গুণবিষয়ক মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানান, গ্রেপ্তারের আগে খাদিজাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। তাদের দাবি, নারীদের জন্য নির্ধারিত খেলাধুলা ও ব্যায়ামাগার–সংক্রান্ত বিধি অমান্য করায় তাকে আটক করা হয়।
২০২১ সালে ক্ষমতা দখলের পর তালেবান সরকার নারীদের জন্য সব ধরনের খেলাধুলার কেন্দ্র ও জিম বন্ধ করে দেয়। তখন বলা হয়েছিল, ‘নিরাপদ পরিবেশ’ নিশ্চিত হলে এসব কার্যক্রম পুনরায় চালু হবে। তবে চলতি বছরের জানুয়ারি পর্যন্তও নারীদের জন্য কোনো খেলাধুলার কেন্দ্র খোলেনি, ফলে খেলাধুলা থেকে কার্যত বঞ্চিত রয়েছেন আফগান নারীরা।
খাদিজার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এ ঘটনায় আফগানিস্তানে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক বিশেষ দূত রিচার্ড বেনেত্তে প্রকাশ্যে তার দ্রুত মুক্তির আহ্বান জানান।
শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্টে গড়ায় এবং আদালতের সিদ্ধান্তে খাদিজা মুক্তি পান। তবে মুক্তির পর তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।