সারাবিশ্ব

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১০:২৯ এএম

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা, নিহত ৩
ছবিঃ সংগৃহিত

যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় ড্রোন হামলা ও গুলিবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে দুই শিশুসহ তিন ফিলিস্তিনি নিহত হয়েছেন।  

আনাদোলুকে এক চিকিৎসা সূত্র জানায়, বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে আল-জাওয়ারা পরিবারের দুই কিশোর ১৪ বছর বয়সি সালমান জাকারিয়া ও ১৫ বছর বয়সি মোহাম্মদ ইউসুফ ইসরায়েলি বোমা হামলায় নিহত হন। তারা বেইত লাহিয়া এলাকার বাসিন্দা ছিলেন। এসব ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা আনাদোলুকে জানান, চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা যে এলাকা থেকে সরে গিয়েছিল, সেই এলাকাতেই ইসরায়েলি ড্রোন হামলায় ওই দুই কিশোর প্রাণ হারায়।

এর আগে উত্তর গাজার জাবালিয়া শহরের ওল্ড গাজা স্ট্রিটে ইসরায়েলি হামলায় কয়েকজন ফিলিস্তিনি আহত হন বলে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবা বিভাগের এক সূত্র আনাদোলুকে জানিয়েছে। 

এদিকে উত্তর গাজার বেইত লাহিয়ার আল-সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি আহত ও খান ইউনিসের দক্ষিণে কিজান আল-নাজ্জার এলাকায় এক ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে চিকিৎসা সূত্র জানিয়েছে। 


এছাড়া শনিবার সকালে দক্ষিণ গাজার মধ্যাঞ্চলীয় খান ইউনিসে ইসরায়েলি গুলিতে এক ফিলিস্তিনি ব্যক্তির মাথায় আঘাত লাগে বলে একটি চিকিৎসা সূত্র জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের কেন্দ্রস্থলে জাসের বিল্ডিং মোড়ে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ড্রোন থেকে গুলি চালানোর পর এই ঘটনা ঘটে।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চালানো ভয়াবহ আগ্রাসনে এখন পর্যন্ত ৭১ হাজার ৬০০ জনের বেশি মানুষকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই অভিযানে আহত হয়েছেন ১ লাখ ৭১ হাজার ৩০০ জনের বেশি মানুষ এবং গাজা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের ১০ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরাইল এখনও হামলা চালিয়ে যাচ্ছে এবং এসব হামলায় এখন পর্যন্ত ৪৮১ জন ফিলিস্তিনি নিহত এবং আরও ১ হাজার ৩১৩ জন আহত হয়েছেন।