সারাবিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৭, নিখোঁজ ৭৩


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১২:৩২ পিএম

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ১৭, নিখোঁজ ৭৩
ছবিঃ সংগৃহিত

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে ভয়াবহ ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়াও নিখোঁজ অন্তত ৭৩ জন। 

সোমবার (২৬ জানুয়ারি) দেশটির দুর্যোগ মোকাবিলা সংস্থা এ তথ্য জানায়।

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুংয়ের পাসির লাঙ্গু গ্রামে গত শনিবার ভোরের দিকে এই বিপর্যয় ঘটে। আগের দিন থেকে শুরু হওয়া টানা বর্ষণের ফলে পাহাড়ের নড়বড়ে মাটি ধসে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। 

এদিকে আবহাওয়া বিভাগ সতর্ক করেছে, পশ্চিম জাভাসহ আরও কয়েকটি এলাকায় এই বৃষ্টিপাত আরও এক সপ্তাহ ধরে চলতে পারে।

দুর্যোগ মোকাবিলা সংস্থার মতে, ভূমিধসে সেখানে ৩০টিরও বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

সংস্থার মুখপাত্র আবদুল মুহারি রয়টার্সকে জানান, সোমবার পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং ৭৩ জন এখনো নিখোঁজ রয়েছেন। ছোট আকারের আরেকটি ভূমিধস ও খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। অনুসন্ধানের জন্য ড্রোন ও ভারী যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে।

উল্লেখ্য, মাত্র দুই মাস আগেই সুমাত্রা দ্বীপে ঘূর্ণিঝড়জনিত বন্যা ও ভূমিধসে প্রায় ১,২০০ মানুষের মৃত্যু হয়েছিল। সেই দুর্যোগে অসংখ্য বাড়িঘর ধ্বংস হয় এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।