সারাবিশ্ব

মেহেরপুরে জামায়াত আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৪০ পিএম

মেহেরপুরে জামায়াত আমিরের গাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার
ছবি: সংগৃহীত

মেহেরপুরে জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে বিদেশি কুড়ালসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন— জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের অ্যাডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাসটির চালক ইজারুল হক।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে যৌথ বাহিনীর একটি নিয়মিত চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় তাদের আটক করা হয়। চেকপোস্টে দায়িত্ব পালনরত সদস্যরা সন্দেহজনকভাবে একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস থামিয়ে তল্লাশি চালান।

মেহেরপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) বিএম রানা জানান, তল্লাশির সময় গাড়িটি থেকে ৩টি ফোল্ডেবল স্টিক, ১টি বিদেশি কুড়াল, ১টি ইলেকট্রিক শকার, ১টি প্লাস, ৩টি ওয়াকিটকি, ৪টি চার্জার এবং ১টি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়। এ সময় মাইক্রোবাসটি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত সরঞ্জাম ও অস্ত্রগুলো কী উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ও যৌথ বাহিনী বলছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত উদ্দেশ্য ও প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত জানা যাবে।