সারাবিশ্ব
ক্রেতা দেখলেই লাশ হয়ে যায় ভেড়া, দাম উঠল ২৩ লাখ
কথায় আছে, জীবন বাঁচাতে মানুষ কত কিছুই না করে, কিন্তু এবার জীবন বাঁচাতে এক অনন্য অভিনয় দক্ষতা দেখিয়ে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছে চীনের এক ছোট্ট ভেড়া। উত্তর-পশ্চিমাঞ্চলীয় নিংজিয়া প্রদেশের এই ভেড়াটি এখন সোশ্যাল মিডিয়ায় 'ড্রামা কুইন ল্যাম্ব' নামে পরিচিত।
সম্প্রতি ভেড়াটির মালিক জিন শিয়াওলিন তার পালিত চারটি ভেড়া বিক্রির জন্য স্থানীয় বাজারে নিয়ে যান। তিনটি ভেড়া স্বাভাবিকভাবেই বিক্রি হয়ে গেলেও গোল বাধে ১০ দিন বয়সী এই ছোট্ট ভেড়াটিকে নিয়ে। লক্ষ্য করা যায়, যখনই কোনো সম্ভাব্য ক্রেতা তাকে ধরতে যান বা দামাদামি করেন, তখনই সে মুহূর্তের মধ্যে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দেখে মনে হয়, সে মারা গেছে।
ক্রেতারা একে অসুস্থ মনে করে কিনতে রাজি না হলেও মালিক জিন শিয়াওলিন পরে বুঝতে পারেন, এটি আসলে ভেড়াটির একটি বুদ্ধিমান কৌশল। অপরিচিত কেউ কাছে এলেই সে চোখ বুজে শরীর শক্ত করে ‘মরার ভান’ করে থাকে। অথচ শিশুরা কাছে এলে বা পরিস্থিতি নিরাপদ বুঝলে সে আবার দিব্যি লাফালাফি শুরু করে।
ভেড়াটির এই অদ্ভুত আচরণের ভিডিও চীনের সোশ্যাল মিডিয়া 'টিকটক' ও 'ডুইন'-এ মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কোটি কোটি ভিউ হওয়ার পর এর জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে, বর্তমানে এই ‘অভিনেতা’ ভেড়াটির দাম উঠেছে প্রায় ৩০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৩ লাখ টাকা।
এত বিশাল অঙ্কের প্রস্তাব পেলেও মালিক জিন শিয়াওলিন তার এই প্রিয় প্রাণীকে বিক্রি করতে নারাজ। তিনি জানান, "এমন আদুরে এবং বুদ্ধিমান প্রাণী সচরাচর দেখা যায় না। সে মানুষের মতোই আচরণ করে।" মালিকের পরিকল্পনা এখন এই ভেড়াটিকে নিয়ে পর্যটন বা স্থানীয় পণ্যের প্রচার চালানো।