সারাবিশ্ব
ভারতে নিপাহ সংক্রমণ বাড়ায় পাকিস্তানে সর্বোচ্চ সতর্কতা
ভারতে নিপাহ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে পাকিস্তানে সতর্কতা জারি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এর অংশ হিসেবে বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থল সীমান্তে যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা ও নজরদারি জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) পাকিস্তানের গণমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিপাহ ভাইরাস মূলত বড় আকারের ফলখেকো বাদুড় থেকে মানুষের মধ্যে সংক্রমিত হতে পারে। এ ঝুঁকির কথা বিবেচনায় রেখে পাকিস্তানে প্রবেশকারী সব যাত্রী এবং ট্রানজিট যাত্রীদের বিমানবন্দর, বন্দর ও স্থল সীমান্তে বাধ্যতামূলক স্ক্রিনিংয়ের আওতায় আনা হবে।
এ ছাড়া কোনো যাত্রীর মধ্যে নিপাহ ভাইরাসের সন্দেহজনক উপসর্গ দেখা গেলে তাকে তাৎক্ষণিকভাবে আইসোলেশনে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত পাকিস্তানে নিপাহ ভাইরাসে আক্রান্ত কোনো নিশ্চিত রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে নিপাহ ভাইরাসে অন্তত পাঁচজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাকিস্তানের কর্মকর্তারা জানিয়েছেন, সম্ভাব্য সংক্রমণ মোকাবিলায় দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথে (এনআইএইচ) নিপাহ ভাইরাস শনাক্তের জন্য প্রয়োজনীয় ডায়াগনস্টিক সুবিধা প্রস্তুত রাখা হয়েছে।
সূত্র: ডন