সারাবিশ্ব
দুই বছর বয়সেই জোড়া রেকর্ড, স্নুকারে বিস্ময় জুড ওউনস
খেলনা কিংবা কার্টুনে মগ্ন থাকার বয়সে স্নুকার কিউ হাতে নিয়ে বিশ্বরেকর্ড গড়ে তাক লাগিয়ে দিয়েছে ইংল্যান্ডের ম্যানচেস্টারের দুই বছর বয়সী শিশু জুড ওউনস। মাত্র দুই বছর বয়সেই স্নুকার খেলায় দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিজের নামে করে নিয়েছে এই খুদে স্নুকার তারকা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ গত ২৮ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে, স্নুকারের ইতিহাসে সবচেয়ে কম বয়সে দুটি ট্রিক শট সফল করার কৃতিত্ব এখন জুডের দখলে। পিপল ডটকমের প্রতিবেদনে বলা হয়েছে, বয়সের তুলনায় অনেক বেশি নিখুঁত ও জটিল কৌশলে জুড স্নুকার ও পুল টেবিলে শট খেলতে সক্ষম হয়েছে।
রেকর্ডের ধারাবাহিকতায় জুড প্রথম বিশ্বরেকর্ড গড়ে ২০২৫ সালের ৩১ আগস্ট। ওই দিন সে স্নুকারে ‘ডাবল পট’ করে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখায়। এর মাত্র ৪১ দিন পর, ১২ অক্টোবর পুল টেবিলে ‘ব্যাংক শট’ সফল করে নিজের দ্বিতীয় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করে।
জুডের প্রতিভা প্রথম নজরে আসে তার বাবা লুক ওউনসের মাধ্যমে। ছেলের আগ্রহ দেখে তিনি একটি ছোট পুল টেবিল কিনে দেন। কিউ হাতে নেওয়ার পর থেকেই জুডের স্বাভাবিক দক্ষতা চোখে পড়ে। তার খেলার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর অল্প সময়েই তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। শুরুতে টেবিলের উচ্চতায় পৌঁছাতে বার স্টুল ব্যবহার করলেও বর্তমানে রান্নাঘরের একটি বিশেষ টুলের ওপর দাঁড়িয়ে অনায়াসেই নিখুঁত শট খেলছে সে।
এ অর্জনকে ব্যতিক্রমী উল্লেখ করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের প্রধান সম্পাদক ক্রেইগ গ্লেনডে বলেন, ‘এত অল্প বয়সে জুড যে প্রতিভার পরিচয় দিয়েছে, তা সত্যিই অসাধারণ। গিনেস পরিবারে তাকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত।’