সারাবিশ্ব
কানাডায় বাসভবনের বাইরে গুলিবর্ষণ: তিন ভারতীয় আটক
কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের সারে শহরে একটি বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় তিনজন ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। অভিযুক্তদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র ব্যবহারের গুরুতর অভিযোগ আনা হয়েছে এবং তাদের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদন অনুযায়ী, ১ ফেব্রুয়ারি ভোর আনুমানিক ৩টা ৫০ মিনিটে সারের ক্রিসেন্ট রোড ও ১৩২ স্ট্রিট সংলগ্ন একটি বাড়ির সামনে গুলিবর্ষণ ও ছোট আগুন লাগার খবর পায় সারে পুলিশ সার্ভিস (এসপিএস)। ঘটনার সময় ‘প্রজেক্ট অ্যাসুরেন্স’-এর আওতায় এলাকায় টহল দিচ্ছিলেন পুলিশ সদস্যরা। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
পুলিশ জানায়, ঘটনার পরপরই একটি রাইডশেয়ার গাড়িতে পালানোর চেষ্টা করার সময় ২৮ অ্যাভিনিউ ও ১৪০ স্ট্রিটের কাছে তিন সন্দেহভাজনকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—হরজোত সিং (২১), তারানবীর সিং (১৯) এবং দয়াজিৎ সিং (২১)। তাদের বিরুদ্ধে কানাডার ফৌজদারি আইনে একটি স্থানে আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালানোর অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত অগ্রগতির সঙ্গে সঙ্গে আরও অভিযোগ যুক্ত হতে পারে।
এদিকে, তদন্ত জোরদার করতে অভিযুক্তদের ছবি প্রকাশ করেছে এসপিএস। পাশাপাশি ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সিসিটিভি বা ড্যাশক্যাম ফুটেজসহ যেকোনো তথ্য থাকলে তা পুলিশের সঙ্গে শেয়ার করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, এর এক সপ্তাহ আগেই—২৬ জানুয়ারি—আরেকটি পৃথক গুলিবর্ষণের ঘটনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেফতার করে পুলিশ। সে সময় তাদের কাছ থেকে একটি লোডেড হ্যান্ডগান উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া ওই দুজন হলেন হর্ষদীপ সিং (২০) ও হংসপ্রীত সিং (২১)।