সারাবিশ্ব
এপস্টেইনের সঙ্গে কাটানো মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমা চাইছি: বিল গেটস
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জেফরি এপস্টেইনকে ঘিরে যৌন পাচার–সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে সাম্প্রতিক সময়ে বিপুলসংখ্যক নথি প্রকাশ করেছে। এসব নথিতে উঠে আসা প্রভাবশালী ব্যক্তিদের নাম ও চাঞ্চল্যকর তথ্য নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
প্রকাশিত নথিতে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের নাম উঠে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় আসে। এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগ নিয়ে নানা জল্পনা-কল্পনার মধ্যেই অবশেষে প্রকাশ্যে অনুশোচনা প্রকাশ করেছেন বিল গেটস।
গার্ডিয়ানের প্রতিবেদনের বরাতে জানা যায়, কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে কাটানো সময় নিয়ে গভীর অনুতাপ প্রকাশ করেছেন বিল গেটস।
বুধবার (৪ ফেব্রুয়ারি) অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এপস্টেইনের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তের জন্য আমি অনুতপ্ত এবং ক্ষমা চাইছি।
সাক্ষাৎকারে বিল গেটস আরও বলেন, তার নামে ছড়ানো ই–মেইল কখনো পাঠানো হয়নি এবং সেটি সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “আমি জানি না, তিনি কী ভাবনা থেকে এমন দাবি করেছেন। তিনি কি কোনোভাবে আমাকে আক্রমণ করতে চেয়েছিলেন?”
নাইন নিউজকে দেওয়া বক্তব্যে বিল গেটস জানান, ২০১১ সালে প্রথমবার এপস্টেইনের সঙ্গে তার সাক্ষাৎ হয়। পরবর্তী তিন বছরে কয়েকবার ডিনারে দেখা হলেও তিনি কখনো এপস্টেইনের ক্যারিবীয় দ্বীপে যাননি। পাশাপাশি নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও তিনি অস্বীকার করেন।
তবে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস এ বিষয়ে ভিন্ন মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, দণ্ডপ্রাপ্ত এপস্টেইনের সঙ্গে সম্পর্ক ও যোগাযোগ নিয়ে বিল গেটসের এখনও অনেক প্রশ্নের উত্তর দেওয়া বাকি রয়েছে।
উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ নতুন করে প্রকাশিত নথির মধ্যে থাকা একটি খসড়া ই–মেইলে জেফরি এপস্টেইন দাবি করেন, বিল গেটস বিবাহবহির্ভূত যৌন সম্পর্কে জড়িত ছিলেন। ওই ই–মেইলে আরও উল্লেখ করা হয়, মাদক গ্রহণ ও রুশ নারীদের সঙ্গে যৌন সম্পর্কের পর সম্ভাব্য পরিণতি সামাল দিতে বিল গেটসকে সহায়তা করেছিলেন এপস্টেইন।
তবে শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন বিল গেটস এবং সেগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করছেন তিনি।