সারাবিশ্ব

শ্যুটিং রেঞ্জে কিম কন্যা, উত্তরসূরি নিয়ে নতুন জল্পনা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১২ পিএম

শ্যুটিং রেঞ্জে কিম কন্যা, উত্তরসূরি নিয়ে নতুন জল্পনা
শ্যুটিং রেঞ্জে কিম জং উন-এর কন্যা

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন-এর কিশোরী কন্যাকে শ্যুটিং রেঞ্জে রাইফেল চালাতে দেখা গেছে—এমন একটি বিরল ছবি প্রকাশ করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ)। ছবিটি প্রকাশের পর থেকেই তাকে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে প্রস্তুত করা হচ্ছে কি না, তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত ছবিতে জু এই-কে একটি শুটিং রেঞ্জে রাইফেলের ট্রিগারে আঙুল রেখে স্কোপের মধ্য দিয়ে লক্ষ্যভেদ করতে দেখা যায়। গুলি ছোড়ার মুহূর্তে রাইফেলের ব্যারেল থেকে ধোঁয়া উঠতেও দেখা গেছে। তিনি একটি কালো চামড়ার জ্যাকেট পরেছিলেন—যে ধরনের পোশাক বিভিন্ন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আয়োজনে তার বাবা ও তাকেও পরতে দেখা যায়। পর্যবেক্ষকদের মতে, এ ধরনের পোশাক ক্ষমতা ও বৈধতার প্রতীক হিসেবে বিবেচিত হয়।

কিং.jpg

সম্প্রতি জু এই-কে একাধিক রাষ্ট্রীয় অনুষ্ঠানে দেখা যাচ্ছে। উত্তর কোরিয়ার দলীয় কংগ্রেস শেষ হওয়ার পর আয়োজিত সামরিক কুচকাওয়াজেও তিনি উপস্থিত ছিলেন। বিশ্লেষকদের ধারণা, এসব প্রকাশ্য উপস্থিতি ভবিষ্যৎ নেতৃত্বের প্রস্তুতির ইঙ্গিত বহন করতে পারে।

শনিবার কেসিএনএ জানায়, কিম জং উন ঊর্ধ্বতন দল ও সামরিক কর্মকর্তাদের নতুন স্নাইপার রাইফেল উপহার দিয়েছেন। এ উদ্যোগকে সংস্থাটি “প্রশংসা ও পরম আস্থার নিদর্শন” হিসেবে বর্ণনা করে। জু এই-এর নাম সরাসরি উল্লেখ না করলেও, তিনি কর্মকর্তাদের সঙ্গে শুটিং রেঞ্জ পরিদর্শন করেন এবং গুলি চালানোর পর একটি গ্রুপ ছবিতেও অংশ নেন।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নেও বলা হয়েছে, পিয়ংইয়ং জু এই-কে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তুলে ধরার প্রক্রিয়া শুরু করেছে বলে মনে হচ্ছে। উত্তর কোরিয়ান স্টাডিজ বিশ্ববিদ্যালয়-এর সাবেক সভাপতি ইয়াং মু-জিন বার্তা সংস্থা এএফপি-কে বলেন, অস্ত্র পরিচালনা ও গুলি চালানোর দৃশ্য প্রচার করা ইঙ্গিত দেয় যে তাকে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এদিকে কেসিএনএ আরও জানায়, কিম জং উনের বোন কিম ইয়ো জং দলটির সাধারণ বিষয়ক বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। বিশ্লেষকদের মতে, পদটি অনেকটা দলের মহাসচিবের ভূমিকাসমতুল্য।

কিম পরিবার কয়েক দশক ধরে কঠোর নিয়ন্ত্রণের মধ্য দিয়ে উত্তর কোরিয়া শাসন করে আসছে। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেশটির ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে।