সারাবিশ্ব
সৌদি আরবের রাজধানীতে বিস্ফোরণ, উপসাগরজুড়ে নিরাপত্তা জোরদার
সৌদি আরবের রাজধানী রিয়াদ-এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-এর বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত জানানো হয়নি।
এদিকে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। তেহরান থেকেও পাল্টা হামলার খবর পাওয়া গেছে, যা সামগ্রিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
রিয়াদের পাশাপাশি কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত থেকেও বিস্ফোরণের খবর আসছে। উদ্ভূত পরিস্থিতিতে উপসাগরীয় কয়েকটি দেশ নিরাপত্তাজনিত কারণে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।
পরিস্থিতির অবনতি বিবেচনায় কাতার কর্তৃপক্ষ জরুরি সতর্কতা জারি করেছে। নাগরিকদের নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে সামরিক ঘাঁটির আশপাশের এলাকা এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের এই নতুন নিরাপত্তা সংকট নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে উদ্বেগ বাড়ছে।