সারাবিশ্ব

দুদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম

দুদিনের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন: পররাষ্ট্রমন্ত্রী
ছবিঃ সংগৃহিত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা ‘অত্যন্ত গুরুতর ও নজিরবিহীন ঘটনা এবং আন্তর্জাতিক আইনের এক চরম লঙ্ঘন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি।

রবিবার (০১ মার্চ) আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। 

আরাকচি বলেন, সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ড চলমান সংঘাতকে আরও জটিল ও বিপজ্জনক করে তুলবে। ইরানকে 'রক্ষা করার ক্ষেত্রে আমাদের কোনো সীমাবদ্ধতা বা সীমা নেই।'

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, দেশটি একটি সাংবিধানিক প্রক্রিয়া শুরু করেছে এবং আজ একটি অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে, যা রাষ্ট্রীয় বিষয়গুলো পরিচালনার কাজ করবে।

তিনি বলেন, ‘আমাদের সংবিধানে একটি নির্ধারিত প্রক্রিয়া আছে। আমরা এখন সেই প্রক্রিয়া শুরু করেছি। আজ অন্তর্বর্তী পরিষদ গঠন হয়েছে, যা প্রেসিডেন্ট, বিচার বিভাগের প্রধান এবং গার্ডিয়ান কাউন্সিলের একজন ফকিহ (ইসলামি আইনবিদ) নিয়ে গঠিত।

আরাকচি আরও জানান, নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এই তিন সদস্যের দলটি নেতৃত্বের দায়িত্বে নিয়োজিত থাকবে। এরপর বিশেষজ্ঞ পরিষদ নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে। আমার ধারণা, এতে খুব অল্প সময় লাগবে। সম্ভবত এক বা দুদিনের মধ্যেই তারা দেশের জন্য একজন নতুন নেতা নির্বাচন করবেন। সবকিছু সুশৃঙ্খলভাবে এবং আমাদের আইনি ও সাংবিধানিক কাঠামো অনুযায়ী পরিচালিত হচ্ছে।