সারাবিশ্ব

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে: আইআরজিসি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ১২:০০ পিএম

অন্তত ছয় মাস তীব্র যুদ্ধ চালানোর সক্ষমতা রয়েছে: আইআরজিসি
ছবি: সংগৃহীত

চলমান সংঘাতের মধ্যেও অন্তত আরও ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, বর্তমান মাত্রায় যুদ্ধ পরিচালনা করার মতো সামরিক শক্তি ও প্রস্তুতি তাদের রয়েছে।

আইআরজিসির মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি বলেছেন, ইরান চলমান যুদ্ধ অন্তত আরও ছয় মাস একই তীব্রতায় চালিয়ে যেতে সক্ষম। তিনি বলেন, দেশটির সামরিক বাহিনী ও প্রতিরক্ষা কাঠামো দীর্ঘমেয়াদি সংঘাত মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, নাইনির এই বক্তব্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত।

ট্রাম্প বারবার দাবি করে আসছেন যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান অত্যন্ত সফল হয়েছে এবং এতে ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে দুর্বল হয়ে পড়েছে। চলতি সপ্তাহে তিনি বলেন, “আমরা এই যুদ্ধে বড় ব্যবধানে এগিয়ে আছি। আমরা তাদের পুরো ‘শয়তানি সাম্রাজ্য’ গুঁড়িয়ে দিয়েছি।”

তবে ইরানের পক্ষ থেকে দেওয়া নতুন বক্তব্যে বোঝা যাচ্ছে, দেশটি এখনো দীর্ঘ সময় ধরে সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে তারা মনে করছে।

উল্লেখ্য, ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী সামরিক সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি দেশটির রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এই বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

সূত্র: দ্য গার্ডিয়ান।