সারাবিশ্ব

ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত, রাস্তায় ‘আগুনের নদী’


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ পিএম

ইসরায়েলি হামলায় তেহরানের তেল ডিপো বিধ্বস্ত, রাস্তায় ‘আগুনের নদী’
ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান ও পার্শ্ববর্তী আলবোরজ প্রদেশে ইসরায়েলের বিমান হামলার পর তেলের ডিপো ও পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়ে শহরের রাস্তায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামলার ফলে তেলের পাইপলাইন ছিদ্র হয়ে জ্বালানি তেল পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রবাহিত হয়ে বিভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়ে, যা স্থানীয়দের কাছে ‘আগুনের নদী’ হিসেবে বর্ণিত হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা যায়, তেহরানের সড়কের পাশ দিয়ে ড্রেন ও নর্দমার ভেতর দিয়ে দাউদাউ করে আগুন জ্বলছে। তেলের প্রবাহের সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে শহরের বিভিন্ন সড়কে, ফলে অনেক জায়গায় পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরের তিনটি পৃথক স্থানে অবস্থিত জ্বালানি ডিপোতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে ডিপোগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং পাইপলাইন ভেঙে জ্বালানি তেল ছড়িয়ে পড়ে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলায় অন্তত চারজন ট্যাঙ্কারচালক নিহত হয়েছেন। এছাড়া আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং জরুরি সেবা কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

তবে ব্যাপক ক্ষয়ক্ষতির মধ্যেও ইরান সরকার দাবি করেছে, দেশের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের কোনো ঘাটতি তৈরি হয়নি। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং তেল বিতরণ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সূত্র: আল-জাজিরা।