সারাবিশ্ব

ইরানে ‘অ্যাসিড বৃষ্টি’র আশঙ্কা করছে রেড ক্রিসেন্ট


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ পিএম

ইরানে ‘অ্যাসিড বৃষ্টি’র আশঙ্কা করছে রেড ক্রিসেন্ট
ছবি: সংগৃহীত

ইরান-এর রাজধানী তেহরান-এ জ্বালানি মজুতের ট্যাংকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ‘অ্যাসিড বৃষ্টি’র আশঙ্কা প্রকাশ করেছে ইরান রেড ক্রিসেন্ট সোসাইটি।

প্রতিবেদন অনুযায়ী, গত রাতে ইসরায়েল-এর হামলার পর তেহরানের তেলের মজুত ট্যাংকগুলোতে আগুন লাগে। প্রায় দশ ঘণ্টা পার হয়ে সকাল হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছে বিবিসি ফার্সি। এর ফলে শহরের বড় একটি অংশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে।

পরিস্থিতির কারণে নাগরিকদের সতর্ক থাকতে বলেছে ইরানের পরিবেশ সুরক্ষা সংস্থা। সংস্থাটি অনুরোধ জানিয়েছে, যতটা সম্ভব ঘরের ভেতরে অবস্থান করতে এবং অপ্রয়োজনে খোলা জায়গায় না যেতে।

এদিকে রেড ক্রিসেন্ট জানিয়েছে, তেলের গুদামে বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার ও নাইট্রোজেন অক্সাইড বাতাসে ছড়িয়ে পড়েছে। এসব উপাদান মেঘের সঙ্গে মিশে গেলে বৃষ্টির পানিতে অ্যাসিডের মতো বৈশিষ্ট্য তৈরি হতে পারে।

সংস্থাটি আরও সতর্ক করে বলেছে, এ ধরনের বৃষ্টি ত্বকে লাগলে রাসায়নিক প্রতিক্রিয়া বা জ্বালাপোড়া হতে পারে এবং শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসের ক্ষতিও ঘটতে পারে।

রেড ক্রিসেন্ট নাগরিকদের পরামর্শ দিয়েছে, যদি এমন বৃষ্টি শরীরে লাগে তবে আক্রান্ত স্থান ঘষা যাবে না। বরং ঠান্ডা পানিতে ধুয়ে ফেলতে হবে। এছাড়া বৃষ্টিতে ভেজা কাপড় দ্রুত পরিবর্তন করে আলাদা একটি বন্ধ ব্যাগে রাখার কথাও বলা হয়েছে।