সারাবিশ্ব
যুদ্ধ কখন শেষ হবে তা নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে: ট্রাম্প
ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কখন শেষ হবে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রোববার (৮ মার্চ) এক সংক্ষিপ্ত টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’-এর প্রতিবেদনে বিষয়টি জানানো হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুদ্ধ সমাপ্তির বিষয়টি কোনো একক সিদ্ধান্ত নয়; বরং এটি একটি যৌথ সিদ্ধান্ত হবে। তিনি জানান, এ বিষয়ে তিনি এবং নেতানিয়াহু নিয়মিত যোগাযোগ রাখছেন এবং পরিস্থিতি বিবেচনায় নিয়ে উপযুক্ত সময়েই সিদ্ধান্ত নেওয়া হবে।
এ সময় ট্রাম্প দাবি করেন, তিনি ও নেতানিয়াহু নেতৃত্বে না থাকলে ইরান ইতোমধ্যে ইসরায়েলকে ধ্বংস করে দিত। তার ভাষ্য, ইরান ইসরায়েল ও এর আশপাশের অঞ্চল ধ্বংস করতে চেয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপের কারণে সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি।
ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কৌশলগত সমন্বয় গভীর বলেও উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, যৌথ উদ্যোগের ফলেই ইরানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়েছে।
যুদ্ধের সমাপ্তি যুক্তরাষ্ট্রের একক সিদ্ধান্তে হবে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এটি অনেকটাই যৌথ সিদ্ধান্তের মতো হবে এবং সব ধরনের বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে যুক্তরাষ্ট্র যদি আক্রমণ বন্ধ করার সিদ্ধান্ত নেয়, সে ক্ষেত্রে ইসরায়েল এককভাবে যুদ্ধ চালিয়ে যেতে পারবে কি না—এই প্রশ্নে মন্তব্য করতে চাননি ট্রাম্প। তিনি বলেন, এমন পরিস্থিতি তৈরি হবে বলে তিনি মনে করেন না।
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই বক্তব্য মধ্যপ্রাচ্য সংকটে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের দৃঢ় সমর্থন এবং নেতানিয়াহুর সঙ্গে তার ঘনিষ্ঠ রাজনৈতিক সমন্বয়ের ইঙ্গিত দেয়। বর্তমানে যুদ্ধের ভবিষ্যৎ ও সম্ভাব্য সমাপ্তি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।
সূত্র: দ্য গার্ডিয়ান