সারাবিশ্ব

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ১০:৩৩ পিএম

যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া
ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়াকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি অভিযোগ করেন, এই দুই দেশ কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা নষ্ট করছে। তার মন্তব্য আসে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের ১০ দিনব্যাপী বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু হওয়ার পরপরই।

উত্তর কোরিয়ার রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি থেকে জানা যায়, মঙ্গলবার (১০ মার্চ) কিম ইয়ো জং বলেন, “আমাদের সার্বভৌমত্ব ও নিরাপত্তার ওপর শত্রুপক্ষের শক্তি বৃদ্ধি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।” তিনি আরও বলেন, “শত্রুদের আমাদের ধৈর্য, ইচ্ছাশক্তি ও সক্ষমতাকে পরীক্ষা করার চেষ্টা করা উচিত নয়। আমরা দেখব তারা আমাদের নিরাপত্তা কতটা লঙ্ঘন করছে এবং কেন করছে।”

সোমবার (৯ মার্চ) শুরু হওয়া ফ্রিডম শিল্ড নামের যৌথ সামরিক মহড়ায় দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের প্রায় ১৮ হাজার সেনা অংশ নিচ্ছে। যুক্তরাষ্ট্রের কোরিয়া ভিত্তিক বাহিনী জানিয়েছে, এই মহড়ার লক্ষ্য যৌথ অপারেশনাল প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা বৃদ্ধি করা।

দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, এ বছরের মহড়ায় ২২টি ফিল্ড প্রশিক্ষণ অন্তর্ভুক্ত, যা গত বছরের তুলনায় অর্ধেকেরও কম। কিম ইয়ো জং বলেন, মহড়ার কোনো যৌক্তিকতা নেই এবং অতীতে ওয়াশিংটন ও সিউল যে এটিকে প্রতিরক্ষামূলক বলে উল্লেখ করেছে, তা তিনি প্রত্যাখ্যান করেন।

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ২০২৪ সালে ঘোষণা করেছেন, তিনি আর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পুনর্মিলনের চেষ্টা করবেন না। তবে সিউলের দীর্ঘমেয়াদি লক্ষ্য এখনও দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়ন। দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেছেন, কিমের বক্তব্য তুলনামূলকভাবে সংযত ছিল এবং এতে সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল না।

সূত্র: আল জাজিরা