সারাবিশ্ব

যুদ্ধের ভিডিও প্রকাশের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:৩২ এএম

যুদ্ধের ভিডিও প্রকাশের অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা ভিডিও ক্লিপ ছড়িয়ে দেওয়ার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৪ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম আমিরাত নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। আমিরাতের অ্যাটর্নি জেনারেল হামাদ আল সামছি গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সম্পন্ন করে জরুরি বিচারের নির্দেশ দিয়েছেন।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিশর, ফিলিপাইন, ভিয়েতনাম, পাকিস্তান, ইরান, ক্যামেরুন ও নেপালের একজন করে নাগরিক রয়েছেন। এছাড়া দুইজন ভারতের নাগরিক বলেও জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাতের পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন কিছু ভিডিও প্রচার করেছেন যা জাতীয় নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বিবেচিত হয়েছে। তদন্তে জানা গেছে, এসব ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলার ভুয়া দৃশ্য তৈরি করা হয়েছিল।

এছাড়া অন্য দেশের ক্ষেপণাস্ত্র হামলা বা প্রতিরক্ষা ব্যবস্থার দৃশ্যকে সংযুক্ত আরব আমিরাতের ঘটনা বলে প্রচার করারও চেষ্টা করা হয়। কিছু ভিডিওতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে শিশুদের আবেগঘন দৃশ্য ব্যবহার করা হয়েছে এবং ভুয়া বিস্ফোরণের দৃশ্য যুক্ত করে দেশটির সামরিক স্থাপনা ধ্বংসের বানোয়াট দাবি করা হয়েছে।

দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ডিজিটাল মাধ্যম বা আধুনিক প্রযুক্তির অপব্যবহার করে কোনো ধরনের মিথ্যা তথ্য ছড়ানোর ঘটনা কঠোরভাবে দমন করা হবে। তাদের মতে, গ্রেপ্তারকৃতরা ইচ্ছাকৃতভাবে দেশের নিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করার চেষ্টা করেছে।

বর্তমানে পাবলিক প্রসিকিউশন অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে এবং বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আমিরাত সরকার সাধারণ নাগরিকদের সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করার জন্য সতর্ক করেছে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বর্তমান সংঘাতময় পরিস্থিতিকে কেন্দ্র করে অনলাইনে বিভ্রান্তি ছড়ানো ঠেকাতে দেশটির সাইবার নিরাপত্তা বিভাগ বিশেষ নজরদারি চালাচ্ছে।

সূত্র: আমিরাত নিউজ এজেন্সি।