সারাবিশ্ব

সৌদি-আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৩:৫১ পিএম

সৌদি-আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান
ছবিঃ সংগৃহিত

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যে আঘাত হানার আগেই রিয়াদের আকাশে ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়েছে।

আজ রবিবার (১৫ মার্চ) সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, রিয়াদ মহানগর এলাকায় চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। 

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব ক্রমাগত ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তু হিসেবে দেশটির গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো, মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থান, সামরিক স্থাপনা এবং জনবসতিপূর্ণ এলাকাগুলোকে বেছে নেওয়া হয়েছে।

ইরানের সামরিক বাহিনীর এসব হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এখন পর্যন্ত অন্তত দু’জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

এদিকে, মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলেছে, সংযুক্ত আরব আমিরাতের আল-ধাফরা বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন সৈন্যদের লক্ষ্য করে ১০টি ক্ষেপণাস্ত্র ও অজ্ঞাত সংখ্যক ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, সংঘাতের ফলে ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ৩,১৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যার মধ্যে ৮১ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে অনেকে সরাসরি ক্ষেপণাস্ত্র বা রকেট আঘাতে এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় হুড়োহুড়িতে আহত হয়েছেন।